Bengal Liberty : দুর্গাপুজোকে কেন্দ্র করে এ বছর রাজ্যে কোথাও অনুমতি পেতে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়নি বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, শাস্ত্র, পরম্পরা, ঐতিহ্য, সংস্কৃতি ও পঞ্জিকা মেনেই ২০২৬ সালের দুর্গাপুজো সম্পন্ন হয়েছে। রাজ্যে এ-বছর মোট ৫৮ হাজার দুর্গাপুজো হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে চোরবাগানে পুজোর সময় ঘটে যাওয়া দুর্ঘটনার প্রসঙ্গ তুলে আগামী বছর থেকে আরও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। বুধবার শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় মাঠ দুর্গাপুজো কমিটি আয়োজিত দুর্গাপুজোয় মাতৃপ্রতিমা দর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা
শ্যামপুরে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এ বছর দুর্গাপুজো করার জন্য কাউকে হাইকোর্টে যেতে হয়নি। রাজ্যের সর্বত্র নিয়মনীতি, শাস্ত্র ও পরম্পরা মেনে পুজো সম্পন্ন হয়েছে। তাঁর দাবি, ২০২৬ সালে রাজ্যে ৫৮ হাজার দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল।চোরবাগানে পুজো চলাকালীন দুর্ঘটনায় আহতদের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আহত প্রত্যেককে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। মৃতদের পরিবারের সাথেও তিনি দেখা করতে যাচ্ছেন বলে জানান। তবে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। ২০২৭ সালের দুর্গাপুজোর প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করার আশ্বাস দেন শুভেন্দু। তাঁর কথায়, আগামী বছর পশ্চিমবঙ্গে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য আগাম ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
এ দিন বক্তব্যে পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গও উঠে আসে। ভিনরাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি শ্যামপুরের স্থানীয় পরিকাঠামো উন্নয়নের বিষয়েও আশ্বাস দেন তিনি। এলাকার কাঠের ব্রিজগুলি কংক্রিটের করে দেওয়ার প্রতিশ্রুতি দেন শুভেন্দু।


