Suvendu Adhikari
স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী

দশমীতেও চোরবাগানকাণ্ডে স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু!

চোরবাগানে দুর্গাপুজো দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন নিউ ব্যারাকপুরের বাসিন্দা প্রিয়া সমাদ্দার। বুধবার তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। প্রিয়ার ছবিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এরপর বরানগরের বাসিন্দা দম্পতি দিলীপ ঘোষ ও দিপালী ঘোষের বাড়িতেও যান শুভেন্দু। দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়ে ভেঙে পড়েছেন তাঁদের ছেলে। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন শুভেন্দু। তাঁর চোখের জলও মুছিয়ে দেন মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি দিলীপ ও দিপালীর জন্য ৫০ লক্ষ টাকা এবং তাঁদের ছেলের অ্যাকাউন্টে অতিরিক্ত ৪ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়। ছেলের দেখভালের দায়িত্ব নেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী।

এ ছাড়া, আগরপাড়ায় মৃত প্রাঞ্জল সরকারের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। প্রাঞ্জলের বাবা-মা বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁরা ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায় তদন্ত কমিটির সামনে তাঁদের বক্তব্য তুলে ধরার সুযোগ করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। প্রাঞ্জলকে প্রতিভাবান তরুণ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। নিউটাউনের গৌরাঙ্গনগরে গিয়ে মৃত তানিয়া বিশ্বাস ও বর্ণালী হালদারের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন শুভেন্দু।

বাবুঘাটে গঙ্গায় প্রতিমা বিসর্জনের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে চোরবাগানের ঘটনা নিয়ে মুখ খোলেন শুভেন্দু। তাঁর কথায়, “২ মিনিটের ভুলে চোরবাগান হয়েছে। চোরবাগানের ঘটনা ক্ষমার অযোগ্য।” ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলেও জানান তিনি। তদন্ত কমিশন গঠনের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের কথা জানিয়েছেন। সেই পথেই প্রয়োজনে রাজ্য সরকার পদক্ষেপ করতে পারে। পাশাপাশি, ফ্যাক্ট-ফাইন্ডিং টিম ঘটনার প্রকৃত তথ্য খুঁজে বার করবে বলেও আশ্বাস দেন তিনি। দুর্ঘটনার কারণ, দায়িত্ব পালনে গাফিলতি এবং ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দিক খতিয়ে দেখার উপর জোর দেন মুখ্যমন্ত্রী।

অন্য দিকে, চোরবাগানকাণ্ডের তদন্তের আশ্বাস দেওয়ার পাশাপাশি রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন শুভেন্দু। তাঁর দাবি, গত ৪৫ বছরের পরিস্থিতি বদলাতে সময় লাগবে। তৃণমূলের আমলে পুলিশে নিয়োগ হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তবে আপাতত দুর্ঘটনার তদন্ত এবং দায় নির্ধারণের বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। শোকাহত পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে থাকার বার্তাও দেন তিনি।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।