Bengal Liberty : ডিসিআর সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তে এ বার টুলু মণ্ডলকে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে চাইছে বীরভূম জেলা পুলিশ। শনিবার দুপুর ১২টায় সিউড়ি থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়ে তাঁকে নোটিশ পাঠিয়েছেন তদন্তকারীরা। মামলার বিভিন্ন দিক নিয়ে তাঁর বক্তব্য জানতে চান তাঁরা।
পুলিশ সূত্রে খবর, এই মামলায় ইতিমধ্যেই কয়েকজন অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁদের সঙ্গে টুলু মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনাও রয়েছে পুলিশের। একাধিক অভিযুক্তের বয়ান মিলিয়ে দেখে কোনও অসঙ্গতি বা নতুন তথ্য উঠে আসে কি না, তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পুলিশের দাবি, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই টুলু মণ্ডলকে নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ে হাজির না হলে কিংবা তদন্তে সহযোগিতা না করলে, সেই বিষয়টি আদালতের নজরে আনা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, টুলু মণ্ডল বিদেশে থাকাকালীনই তাঁকে এই মামলার মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করে চার্জশিট জমা দিয়েছিল বীরভূম জেলা পুলিশ। পরবর্তীতে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পাওয়ার পর দেশে ফেরেন তিনি। এখন পুলিশের এই তলবে শনিবার তিনি সিউড়িতে হাজির হন কি না, সেদিকেই নজর রয়েছে। শনিবারের এই জিজ্ঞাসাবাদ ঘিরে ডিসিআর দুর্নীতি মামলার তদন্তে নতুন কোনও মোড় আসে কি না, এখন সেটাই দেখার।


