Tulu Mondol
Tulu Mondol

টুলু মণ্ডল-কাণ্ডে ফের ধরপাকড়! এবার গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রাক্তন আধিকারিক

Bengal Liberty : টুলু মণ্ডলের বিরুদ্ধে ওঠা সরকারি রাজস্ব ফাঁকি ও আর্থিক জালিয়াতির মামলায় গ্রেফতার হলেন আরও এক সরকারি আধিকারিক। এবার পুলিশের জালে বীরভূমের মহম্মদবাজারের প্রাক্তন ডেপুটি ডিএলএলআরও রবিউল ইসলাম। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। রবিবার বীরভূমে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের দাবি, রাজস্ব ফাঁকির সিন্ডিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রবিউল ইসলামের।

তদন্তকারীদের অভিযোগ, টুলু মণ্ডলকে কেন্দ্র করে সরকারি রাজস্ব ফাঁকি ও আর্থিক জালিয়াতির যে চক্র গড়ে উঠেছিল, তার সঙ্গে যুক্ত ছিলেন একাধিক সরকারি আধিকারিক। সেই চক্রে রবিউল ইসলামের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একসময় বীরভূমের ভূমি ও ভূমি সংস্কার দফতরে ডেপুটি ডিএলএলআরও পদে কর্মরত ছিলেন তিনি।

উল্লেখ্য, এই মামলায় আগেই আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেখানে মোট ১২ জনের নাম ছিল। টুলু মণ্ডল ছাড়া বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছিল বলে জানা গিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল রবিউল ইসলামের নাম। এর আগে এই মামলায় বিএলএলআরও এবং সংশ্লিষ্ট দফতরের এক ক্যাশিয়ারকেও গ্রেফতার করা হয়েছিল। এবার ডেপুটি ডিএলএলআরও পদে কর্মরত প্রাক্তন সরকারি আধিকারিকের গ্রেফতারিতে তদন্তে নতুন মাত্রা যোগ হল।

রবিউল ইসলামকে সোমবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন তদন্তকারীরা। এই চক্রে আর কারা জড়িত এবং সরকারি আধিকারিকদের ভূমিকা কতটা বিস্তৃত, তা জানতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।