Bengal Liberty : বিধানসভার অন্দরেই রহস্যমৃত্যু! সোমবার সকালে বিধানসভার ক্যান্টিন সংলগ্ন শৌচালয় থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ের মৃতদেহ। সূত্রের খবর, মৃতের নাম উমেশচন্দ্র দাস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। গোটা বিষয়টি জানানো হয়েছে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে। আপাতত ঘটনাস্থল ও তার আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
সূত্রের খবর, একটি ঠিকাদার সংস্থার অধীনে বিধানসভায় রান্নার কাজ করতেন ওই ব্যক্তি। গত ১৫ বছর ধরে সেখানেই কর্মরত ছিলেন তিনি। মৃতের বাড়ি তিলজলা এলাকায়। তবে তিনি থাকতেন বিধানসভার ক্যান্টিনেই। রাতেও সেখানেই ঘুমোতেন। জানা গিয়েছে, সোমবার সকালে ক্যান্টিন সংলগ্ন শৌচালয়ে যান উমেশ। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি বাইরে না আসায় সন্দেহ হয় অন্য কর্মীদের। শৌচালয়ে যাওয়ার জন্য সেখানে গিয়ে তাঁরা দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় শেষ পর্যন্ত দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। তখনই শৌচালয়ের মেঝেতে উমেশের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিধানসভার সচিব ও মার্শালকে। খবর যায় হেয়ার স্ট্রিট থানাতেও।
পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। প্রয়োজনে ফরেনসিক পরীক্ষাও করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু।


