Indranil Sen
লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরিকে! আর্থিক তছরুপের শিকড়ের খোঁজে তদন্তকারীরা

লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরিকে! আর্থিক তছরুপের শিকড়ের খোঁজে তদন্তকারীরা

Bengal Liberty : মাস আর্ট-কাণ্ডের তদন্তে এবার ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরি সেনকে তলব করল লালবাজার। সোমবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের নজরে রয়েছে আভেরি সেনের মালিকানাধীন দুটি সংস্থা ‘আই এসকেপ’ এবং ‘মায়রা’। পুলিশ সূত্রের দাবি, মাস আর্টের অ্যাকাউন্ট থেকে ওই দুই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের হদিস মিলেছে। সেই লেনদেনের উৎস ও উদ্দেশ্য জানতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

তদন্তকারীদের সন্দেহ, মাস আর্টের মাধ্যমে দুর্গাপুজোর পাস বিক্রির পাশাপাশি সংস্থার নিয়ন্ত্রণে থাকা কয়েকটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেও সন্দেহজনক আর্থিক লেনদেন হয়েছে। ওই সংস্থাগুলির মাধ্যমে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে এই টেন্ডার পাইয়ে দেওয়ার প্রক্রিয়ায় ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের তছরুপ হয়েছে বলেও সন্দেহ তদন্তকারীদের। তাঁদের দাবি, ইন্দ্রনীল সেনের পরিচিত ও আত্মীয়দের সঙ্গে যুক্ত কয়েকটি অ্যাকাউন্টেও আর্থিক লেনদেনের সূত্র মিলেছে। কয়েকটি সংস্থাকে শেল কোম্পানি বলেও সন্দেহ করছেন তাঁরা।

এর আগে ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনকে লালবাজারে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মাস আর্ট এবং দুর্গাপুজোর পাস কেনাবেচা সংক্রান্ত একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। জিজ্ঞাসাবাদে মধুছন্দা দাবি করেন, সংস্থার কাজকর্ম সম্পর্কে তিনি বিশেষ কিছু জানতেন না। আধিকারিকরা যেখানে সই করতে বলতেন, সেখানেই তিনি সই করতেন। যদিও কয়েকটি পুজো কমিটির সূত্রে দাবি, মাস আর্টের মাধ্যমে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে প্রতিটি ভিজিটের সময় মধুছন্দা সেন উপস্থিত থাকতেন।

স্ত্রীর জিজ্ঞাসাবাদের পর এবার মেয়েকে তলব করল লালবাজার। অন্যদিকে, ইন্দ্রনীল সেনের ১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ রয়েছে। তাঁর আগাম জামিনের আবেদনেও সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ মেলেনি। এবার আভেরি সেনকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা কী তথ্য পান, সেদিকেই নজর রয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।