Bengal Liberty: রাজ্যে পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় প্রথম নির্বাচন। দীর্ঘদিনের বিশ্বাস ভ্রাতৃদ্বয়ের একচেটিয়া আধিপত্যের অবসানের লক্ষ্যে ফেডারেশনের নতুন নেতৃত্ব বেছে নিতে শনিবার ও রবিবার দু’দিন ধরে চলে ভোটগ্রহণ। কিন্তু নির্বাচন ঘিরে স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্ন তুলে এবার বিজেপির অন্দরেই শুরু হয়েছে অসন্তোষ। টালিগঞ্জের বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারীর বক্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে নির্বাচনে যাঁরা প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন, তাঁদের যোগ্যতা ও স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। ফলে প্রশ্ন উঠছে, নির্বাচনের আগে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াতেই কি ছিল গলদ?
শনিবার থেকেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে সরব ছিলেন পাপিয়া। তাঁর বক্তব্য,” নির্বাচনে অংশগ্রহণকারীদের আগে নিজেদের স্বচ্ছতা প্রমাণ করা উচিত। একাধিক প্রবীণ অভিনেতা ও শিল্পীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। বহু মানুষকে নমিনেশন এবং ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মিঠুনদাকে ভুল বোঝানো হয়েছে। ফলে শুধুমাত্র ভোটগ্রহণ হলেই গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা থাকা প্রয়োজন।”
অন্যদিকে, নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের দায়িত্বে থাকা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ঘিরেও শুরু হয়েছে আলোচনা। শনিবারের পর রবিবারও স্টুডিও পাড়ায় উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজর রাখেন তিনি। তবে নির্বাচন পরিচালনার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠলেও মিঠুনের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, ” প্রত্যেক গিল্ডের সদস্যরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবেন। কিন্তু গিল্ড গঠিত হয়ে যাওয়ার অর্থ এই নয় যে, যে যার মতো অনিয়ম করতে পারবেন। ইন্ডাস্ট্রি পরিচালনার জন্য ইতিমধ্যেই একটি এসওপি তৈরি করা হয়েছে। প্রত্যেককে সেই নিয়ম মেনে চলতে হবে। কোনও দাদা-দিদির পরিচয়ে বিশেষ সুবিধা মিলবে না।”
আরও খবর
এদিকে, এই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও। তাদের বক্তব্য, টালিগঞ্জের স্টুডিও পাড়ার নির্বাচন নিয়েই বিজেপির মধ্যে এত মতবিরোধ যে, দলের নেতারাই একে অপরের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন।
সব মিলিয়ে ভোটগ্রহণ শেষ হলেও বিতর্কের অবসান হয়নি। এখন নজর নির্বাচনের ফলাফলের দিকে। তবে তার আগেই প্রার্থী মনোনয়ন থেকে নির্বাচন পরিচালনা, একাধিক বিষয় নিয়ে বিজেপির অন্দরের মতপার্থক্য প্রকাশ্যে চলে আসায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।


