Bhabanipur protest
Bengal Liberty, Kolkata :
রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্নের মুখে প্রশাসন। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সাধু-সন্তদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে আজ পথে নামল সনাতনী সমাজ। সকাল থেকেই ভবানীপুর সহ আশপাশের এলাকায় বাড়ছে উত্তেজনা, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

রাস্তায় নামল সাধু-সন্তরা Bhabanipur protest
পূর্বঘোষণা মতোই আজ ভারত সেবাশ্রম সংঘ থেকে ভবানীপুরের ভোলাগিরি আশ্রম পর্যন্ত শুরু হয়েছে মহামিছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু-সন্তদের উপস্থিতিতে মিছিল ক্রমেই বিশাল আকার নিচ্ছে। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান— একটাই দাবি, “নিরাপত্তা চাই, সম্মান চাই”।
মিছিল শেষে থানায় ডেপুটেশন
সূত্রের খবর, এই মিছিল শেষে সাধু-সন্তরা সরাসরি ভবানীপুর থানায় গিয়ে ডেপুটেশন জমা দেবেন।
তাঁদের দাবি , অবিলম্বে FIR দায়ের,নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে এবং যথাসম্ভব অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। আর সব শেষে সাধু-সন্তদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। এমনটাই দাবি সাধু – সন্তদের।

অভিযোগের কেন্দ্রে তৃণমূল কাউন্সিলর
অভিযোগের তির তৃণমূল কাউন্সিলর অসীম বসুর দিকেই। সাধুদের দাবি, কয়েকদিন আগে আশ্রমে ঢুকে তাঁদের অপমান, হেনস্থা এমনকি মারধর পর্যন্ত করা হয়। অভিযোগ, তাঁদের ‘চোর-ডাকাত’ বলে কটাক্ষ করা হয় এবং রাজনৈতিকভাবে বিজেপি সমর্থক বলে দাগিয়ে আক্রমণের নিশানা বানানো হয়। সবচেয়ে গুরুতর অভিযোগ— ঘটনাকালীন কাউন্সিলর নাকি মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেই ঘটনাই সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন।
রাজ্যপালের দ্বারস্থ আগেই
ইতিমধ্যেই গতকাল রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R. N. Ravi) কাছে ডেপুটেশন জমা দিয়েছেন কার্তিক মহারাজর সহ আরও অনেকে। তবে এবার প্রশাসনিক স্তরে আরও চাপ বাড়াতে থানার দ্বারস্থ হচ্ছেন তাঁরা।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ভোটের আগে এই ইস্যু যে বড় আকার নিতে পারে, তা নিয়ে জোর জল্পনা চলছে।
