Kolkata Traffic control
Bengal liberty Desk, ৩১ ডিসেম্বর, কলকাতা: বছরের শেষ রাত ও নতুন বছরের প্রথম দিনে উৎসবের আবহে মেতে ওঠে কলকাতা (Calcutta)। আনন্দে গা ভাসাতে দলে দলে মানুষ বেরোন শহরের রাস্তায়। এই উৎসবের ভিড়ের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আগেভাগেই নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থায় কড়াকড়ি করেছে কলকাতা পুলিশ (Kolkata Traffic control)।

Kolkata Traffic control
৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম ও পার্ক স্ট্রিট-সহ একাধিক এলাকায় উপচে পড়ে ভিড়। সেই কথা মাথায় রেখেই বেশ কিছু রাস্তায় নো এন্ট্রি ও ওয়ান ওয়ে ব্যবস্থা চালু করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী কোথাও কোথাও গাড়ি ঘুরিয়ে দেওয়াও হতে পারে বলে জানা গেছে।
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, পার্ক স্ট্রিটে পশ্চিম থেকে পূর্বমুখী একমুখী যান চলবে রাত ৩টে পর্যন্ত। জওহরলাল নেহরু রোড ও এজেসি বোস রোডের মাঝে শেক্সপিয়র সরণি দিয়ে পূর্ব থেকে পশ্চিমমুখী ওয়ান ওয়ে চলবে। এছাড়া হো চি মিন সরণি, মিডলটন স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, রাসেল স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটেও নির্দিষ্ট দিক অনুযায়ী একমুখী যান চলাচল কার্যকর থাকবে। রয়েড ও ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে যান চলাচল বন্ধ থাকবে এবং পার্ক স্ট্রিট–রাসেল স্ট্রিট ক্রসিংয়ে ডানদিকে মোড় নেওয়া যাবে না।
পার্ক স্ট্রিট এলাকায় আসা গাড়ির জন্য রাসেল স্ট্রিটের পূর্ব ও পশ্চিম দিক, ফ্রি স্কুল স্ট্রিটের পশ্চিম দিক, উড স্ট্রিট ও রফি আহমেদ কিদওয়াই রোডের পশ্চিম দিকে পার্কিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট-সহ একাধিক রাস্তায় পার্কিং নিষিদ্ধ থাকবে।
এছাড়া ৩১ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ১ জানুয়ারি ভোর সাড়ে ৪টে পর্যন্ত এবং ১ জানুয়ারি বিকেল ৪টে থেকে মধ্যরাত পর্যন্ত শহরের বহু গুরুত্বপূর্ণ রাস্তায় ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, স্ট্র্যান্ড রোড, রেড রোড, শেক্সপিয়র সরণি, কুইনসওয়ে-সহ একাধিক এলাকায় নির্ধারিত সময়ে ভারী যান চলাচল বন্ধ থাকবে।
