TMC Protest Rally
Bengal Liberty: রাজনৈতিক উত্তাপের মধ্যেই আজ, শুক্রবার দুপুরে রাজপথে নামলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যাদবপুরের (Jadavpur) ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা কর্মসূচির মাধ্যমে কেন্দ্রের বিরুদ্ধে সরব হল শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)।
মিছিল শুরুর আগে মমতার বক্তব্য (Mamata Banerjee)

এদিন দুপুরে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির ‘বঞ্চনা, লাঞ্ছনা ও অত্যাচার’-এর বিরুদ্ধে এবং বাংলার মানুষের অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদেই এই কর্মসূচি। তাঁর অভিযোগ, প্রায় ২ কোটি মানুষের ভোট কেটে নেওয়ার চেষ্টা চলছে। সেই সঙ্গে তিনি বলেন, “অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে রাস্তাই আমাদের রাস্তা”-নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি উদ্ধৃত করে আন্দোলনের নৈতিকতা ব্যাখ্যা করেন তিনি।
কে কে উপস্থিত ছিলেন মিছিলে?
শুক্রবার বিকেল ৩টে নাগাদ মিছিল শুরু হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে সামনের সারিতে দেখা যায় তৃণমূলের তারকা সাংসদ দেব ও বিধায়ক সোহমকে। পাশে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। মিছিলে অংশ নেন দলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া সহ দলের অন্যান্য বিধায়করা। মিছিলে হাঁটলেন তৃণমূলের নেতা-নেত্রী থেকে শুরু করে একাধিক টেলি-তারকারাও।

যাদবপুরের প্রসঙ্গ টেনে মমতার বক্তব্য
মিছিল শুরুর আগে যাদবপুরের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “যাদবপুরের মাটি লড়াইয়ের মাটি, উদ্বাস্তুদের মাটি।” একই সঙ্গে তিনি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দাবি করেন, বাংলার মানুষের সমর্থন রাজ্যকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে।
ইডি অভিযানে কেন্দ্রকে দোষারোপ দলনেত্রীর
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার I-PAC এর কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের ফ্ল্যাট এবং সল্টলেকের দফতরে তল্লাশি চালায় ইডি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তৃণমূলের নির্বাচনী কৌশল ও গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, ইডি তৃণমূলের ‘ইলেকশন স্ট্র্যাটেজি ট্রান্সফার’ করার চেষ্টা করেছে, যা তিনি ‘অপরাধ’ বলে আখ্যা দেন।
এই অভিযানের দায় সরাসরি কেন্দ্রের উপর চাপিয়ে মুখ্যমন্ত্রী আঙুল তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে, যাঁর দফতরের অধীনেই ইডি কাজ করে। তাঁর বক্তব্য, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। তিনি জানান, এই ‘হামলার’ যোগ্য জবাব দেবে সাধারণ মানুষ।
উল্লেখযোগ্য ভাবে, বৃহস্পতিবার সল্টলেকে I-PAC এর দফতরের বাইরে দাঁড়িয়েই শুক্রবারের এই মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের কটাক্ষ, ইডি অভিযান ঘিরে প্রশ্নের উত্তর আদালতে না দিয়ে রাজপথে নামার এই কৌশল আদৌ ধোপে টিকবে কিনা সন্দেহ আছে।
