West Bengal weather forecast
Bengal Liberty: রাজ্য জুড়ে টানা শীতের দাপটের মধ্যেই রবিবার আচমকা বদলে গেল আবহাওয়ার ছবি। কয়েক দিনের ঠান্ডার পর এক লাফে বেড়ে গেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা। কোথাও কোথাও পারদ পৌঁছেছে স্বাভাবিকেরও উপরে। তবে এই সাময়িক উষ্ণতা শীতের বিদায়ের ইঙ্গিত নয় বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal weather)।
কী বলছে হাওয়া অফিস? (West Bengal weather)
আলিপুর আবহাওয়া দফতরের মতে, তাপমাত্রায় এই হঠাৎ বৃদ্ধি অস্থায়ী। শীতের প্রভাব এখনও কাটেনি। আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এখনও দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে। একই সঙ্গে আগামী অন্তত তিন দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে প্রায় দু’ডিগ্রি কম থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণের আবহাওয়া (West Bengal weather)
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার তাপমাত্রা বেড়েছে এবং বহু জায়গাতেই পারদ ১০ ডিগ্রির উপরে উঠে গেছে। বীরভূমের শ্রীনিকেতনে শনিবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি, রবিবার সেখানে তা বেড়ে হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের ঠান্ডা এখনও বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
একই সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সকালের দিকে কমবেশি কুয়াশা থাকবে এবং দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।

উত্তরের আবহাওয়া (West Bengal weather)
উত্তরবঙ্গেও শীতের দাপট অব্যাহত। দার্জিলিঙে রবিবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাত দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি কম থাকতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। এই সব জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটারে। সকাল পেরিয়ে বেলা পর্যন্ত কুয়াশার প্রভাব থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতার আবহাওয়া (West Bengal weather)
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির ঘরে পৌঁছায়নি, স্বাভাবিকের চেয়ে ছিল ২.৭ ডিগ্রি কম। গত মঙ্গলবার কলকাতার পারদ নেমে গিয়েছিল ১০ ডিগ্রির ঘরে। শনিবার তা নেমেছিল ১১.৫ ডিগ্রি পর্যন্ত। রবিবার এক ধাক্কায় সেই সর্বনিম্ন তাপমাত্রাই বেড়ে পৌঁছেছে ১৫ ডিগ্রিতে।
