Sheikh Shahjahan
Bengal Liberty, Kolkata: বারাসত আদালতে পেশ হওয়ার পর প্রকাশ্যেই নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান। আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি দাবি করেন, তাঁকে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসানো হয়েছে (Sheikh Shahjahan)।
সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ শাহজাহানের বক্তব্য, “আমি ১০০ শতাংশ রাজনীতির শিকার। যারা ইডি এবং সিবিআইকে চালাচ্ছে, তারাই সব করছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং সাজানো।”
প্রমাণ কোথায়? সাংবাদিকদের সরাসরি প্রশ্ন (Sheikh Shahjahan)
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ নেই বলেই দাবি করেন শেখ শাহজাহান। তিনি বলেন, “শুধু মুখে বললেই তো হবে না। আপনাদের কাছে কি কোনও ভিডিও আছে? দেখাতে পারবেন?” তাঁর এই মন্তব্যের পর আদালত চত্বরে মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভোট ও সন্দেশখালি প্রসঙ্গে কৌশলী জবাব
আসন্ন লোকসভা নির্বাচন এবং সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্ক প্রভাবিত হবে কি না এই প্রশ্নে সরাসরি কোনও উত্তর দেননি শেখ শাহজাহান। তিনি বলেন, “এখনই এসব নিয়ে বলার সময় নয়। সময় আসবে, মানুষই উত্তর দেবে।” রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মধ্যেই রয়েছে নির্বাচনী ইঙ্গিত।
একাধিক মামলার শুনানি
এদিন আদালতে শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক মামলার শুনানি হয়। সূত্রের খবর, বুধবার তাঁর বিরুদ্ধে মারধর, সরকারি কাজে বাধা এবং এসসি-এসটি আইনে মোট চার থেকে পাঁচটি মামলার শুনানি হয়। মামলাগুলিতে তদন্তকারী সংস্থা নিজেদের যুক্তি আদালতে পেশ করে।
সন্দেশখালি কাণ্ডে তীব্র রাজনৈতিক চাপ
উল্লেখ্য, সন্দেশখালি কাণ্ডে নারী নির্যাতন, জমি দখল এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ শাহজাহান রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্কের কেন্দ্রে উঠে আসেন। গ্রেফতারের পর থেকেই তিনি বারবার দাবি করে আসছেন, তাঁকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে। আদালতের বাইরে তাঁর এই বক্তব্য সামনে আসতেই নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, আইনের হাত থেকে বাঁচতেই অভিযুক্ত নেতা নাটক করছেন।
সন্দেশখালি কাণ্ড ও শেখ শাহজাহানের মামলার পরবর্তী গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজ্য রাজনীতির।
