Bengal Liberty
সোমবার উত্তর সিকিমে ভূমিধসের আতঙ্ক ছড়াল এলাকা জুড়ে (Darjeeling Landslide)। ওসি ভির – এর বিপরীত দিকে চিয়াকুং নদীর উপরের পাহাড়ের একটি বড় অংশ গিরিখাতে ধসে পড়ে। কার্যত তিস্তা নদীর জলপ্রবাহ সাময়িকভাবে আটকে যায়। খবর পেয়েই তৎপর জেলা প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছায় জরুরি পরিষেবার দল। চুংথাং থানার পুলিশকর্মী এবং থেং চেক পোস্টের কর্মীদের মোতায়েন করা হয়েছে। ধসপ্রবণ এলাকার পরিস্থিতি এবং আটকে থাকা জলের গতিবিধির উপর নজর রাখছে প্রশাসন।
সূত্রের খবর, ধসের পর কয়েক ঘণ্টা ধরে সংক্যালাং ও ফিদাং আউটপোস্ট এলাকায় জলস্তর স্বাভাবিক রয়েছে। তবে পরিস্থিতির উপর নজর রাখতে দুই এলাকাতেই ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ চালানো হচ্ছে। এলাকাটি রেয়াং কংমা থেকে প্রায় ৬০ কিলোমিটার এবং রাংপো থেকে প্রায় ৪০ কিলোমিটার উপরে উজানে অবস্থিত।

জলপ্রবাহের প্রাকৃতিক বাঁধের কারণে উজানে জলের চাপ বাড়তে পারে। কোনওভাবে ওই বাধ ভেঙে গেলে আচমকা বিপুল পরিমাণ জল নীচের দিকে নেমে আসার আশঙ্কায় প্রশাসন। সেক্ষেত্রে প্রথমে সিকিমের টিনটেক এবং পরে কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু নিম্নাঞ্চল প্রভাবিত হতে পারে। তবে জরুরি পরিস্থিতি তৈরি হলে বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হবে। বিষয়টি নিয়ে নিম্ন অববাহিকায় কর্মরত আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন ঊর্ধ্বতন কর্তারা।
আরও খবর
![]()
সিকিমে হাই অ্যালার্ট Darjeeling Landslide
পরিস্থিতি মোকাবিলায় সিকিম পুলিশ কন্ট্রোল রুম সক্রিয় করা হয়েছে। তিস্তার নিম্ন অববাহিকা এবং নীচু এলাকায় থাকা ঝুঁকিপূর্ণ বসতিগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নদীর পাড় ও নদীখাত থেকে দূরে থাকার জন্য সাধারণ মানুষ, শ্রমিক, মৎস্যশিকারি এবং যানবাহন চালকদের সতর্ক করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিস্তায় মাছ ধরা এবং নদীর উপর থাকা ঝুলন্ত সেতু ও পায়ে চলার পথ ব্যবহার না করারও নির্দেশিকা জারি হয়েছে।

স্বাভাবিক হয়েছে তিস্তার জলপ্রবাহ
তবে তিস্তা নদীর জলপ্রবাহ ফের স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে পরিস্থিতি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত নিম্ন অববাহিকা ও নীচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে নদীর পাড় এবং নদীখাতের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন


