Newtown News: ফাটা টায়ার, ভাঙা গাড়ি নিয়েই বেপরোয়া গতি! নিউটাউনে আটক ৩ মদ্যপ যুবক

Bengal Liberty

নিউটাউনে মদ্যপ অবস্থায় চারচাকা গাড়ি নিয়ে বেপরোয়া দাপাদাপির অভিযোগ (Newtown News)। ট্রাফিক পুলিশের তৎপরতায় ধাওয়া করে গাড়িটিকে আটক করা হয়েছে। গাড়ি থেকে পালানোর চেষ্টা করলেও বিশ্ববাংলা গেটের কাছে তিন যুবককে আটক করে পুলিশ।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দাবি

পুলিশ সূত্রে খবর, ফুলবাগানের বাসিন্দা তিন যুবক একটি চারচাকা গাড়ি নিয়ে নিউটাউনের বিশ্ববাংলা সরণির বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরি করছিলেন। ভোরের দিকে কর্তব্যরত ট্রাফিক পুলিশের নজরে আসে, গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত এবং একটি টায়ার ফেটে রিং বেরিয়ে রয়েছে। সেই অবস্থাতেই অত্যন্ত বেপরোয়া ভাবে গাড়িটি চালানো হচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ স্কুটি নিয়ে গাড়িটিকে ধাওয়া করেন। বেশ কিছুক্ষণ ধাওয়া করার পর গাড়িটিকে আটক করা হয়। সেই সময় গাড়ি থেকে তিন যুবক নেমে পালানোর চেষ্টা করেন। বিশ্ববাংলা গেটের কাছে তাঁদের ধাওয়া করে আটক করে ট্রাফিক পুলিশ।

পুলিশ সূত্রে দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন যুবক মদ্যপ অবস্থায় থাকার কথা স্বীকার করেছিল। পুলিশ জানতে পেরেছে, বেশ কয়েকটি জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারার ফলে টায়ার ফেটে যায়। কিন্তু তারপরেও ওই অবস্থাতেই গাড়ি চালানো হচ্ছিল বলে অভিযোগ।ট্রাফিক পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বেপরোয়া গাড়ি চালানোর সময় কয়েকজনকে ধাক্কাও মেরেছিল গাড়িটি। তবে তাঁদের আঘাত গুরুতর হয়নি। ইতিমধ্যেই গাড়িটিকে আটক করা হয়েছে। তিন যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। গাড়িটি কোথায় কোথায় ধাক্কা মেরেছিল এবং ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury