Bengal Liberty
নেপালের চরম পরিস্থিতিতে বাংলার পর্যটকদের উদ্দেশ্যে সাহায্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন, ” মোট ৩৩ জনের রেজিস্ট্রেশন হয়েছে। তাঁদের মধ্যে একজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে।” নেপাল পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয়দের সুরক্ষিত ভাবে দেশে ফেরাতে প্রস্তুত তিনি। তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য চালাচ্ছে ভারতীয় সেনা। তবে উদ্ধারের পাশাপাশি ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

দিল্লি ও নেপাল দূতাবাসের সঙ্গে যোগাযোগ
শুভেন্দুর দাবি “গতকাল সকাল ১০টা থেকেই কন্ট্রোল রুম সক্রিয় করা হয়েছে। ভবানীপুরে একটি পুলিশ কন্ট্রোল এবং সচিবালয়েও একটি কন্ট্রোল রুম চালু রয়েছে। মোট ৩৩ জনের রেজিস্ট্রেশন হয়েছে। তাঁদের মধ্যে একজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। বাকি ৩২ জনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর মধ্যে ৫ জন কলকাতা পুলিশ এলাকার এবং ২৭ জন পশ্চিমবঙ্গ পুলিশের এলাকার বাসিন্দা। প্রতিটি পরিবারের সঙ্গে স্থানীয় থানার পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিকরা নিয়মিত যোগাযোগ রাখছেন। দিল্লিতে আমার আপ্তসহায়ক যোগাযোগ করেছে। নেপালে ভারতীয় দূতাবাসের সঙ্গেও মুখ্যসচিবের দফতরের আন্ডার সেক্রেটারি নিয়মিত যোগাযোগ রাখছেন।”

নেপালে ভারতীয় জওয়ানদের অভিযান
তবে যাকে উদ্ধার করা হয়েছে, তাকে বাংলায় ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে কি না, সেই বিষয়ে কোন বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে স্বরাষ্ট্রসচিব তরফে জানা গিয়েছে, উদ্ধার ব্যক্তিকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ” সেখানে ভারতীয় জওয়ানরাও কাজ করছেন। ভারত সরকারও উদ্ধার ও ত্রাণকাজে জোরদারভাবে সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী ভারতীয় উদ্ধারকারী বাহিনীও পাঠিয়েছেন। নেপাল আমাদের প্রতিবেশী দেশ। ভারত সরকার এবং সেখানে থাকা ভারতীয় দূতাবাস অত্যন্ত সক্রিয়ভাবে পরিস্থিতির মোকাবিলা করছে। তাই আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব নজরদারি রাখা হচ্ছে এবং নেপাল দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।”


