শ্রমিক সংগঠনের (INTTUC) বৈঠক থেকে হাতাহাতি
Bengal Liberty: দুর্গাপুরে ফের শাসক দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি সামনে এলো। শুক্রবার রাত ৯টা নাগাদ তৃণমূল শ্রমিক সংগঠনের (INTTUC) বৈঠকে বাদানুবাদ শেষমেশ হাতাহাতির পর্যায় গিয়ে গড়ায়। উপস্থিত কয়েকজন তৃণমূল কর্মী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি।
শ্রমিক সংগঠনের (INTTUC) অন্দরে সংঘাত
অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী এবং সংগঠনের আরেক নেতা অমর শংকর দাসের নেতৃত্বে দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের নামে বোনাস সংক্রান্ত একটি বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু, এই বৈঠকে কারখানার স্থায়ী শ্রমিক সংগঠনের সহকারী সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়নি। সেই ক্ষোভ থেকেই অশান্তির সূত্রপাত হয়েছে বলে সংগঠনেরই একাংশের দাবি।

ঘটনার পরই রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। বিজেপির অভিযোগ, এটাই তৃণমূলের কালচার। নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে পারে না। গোটা রাজ্য জুড়ে একই অবস্থা। কে কতটা আগে টাকা খেতে পারবে, ক্ষমতা নিতে পারবে, সেই নিয়ে সংঘাত।
যদিও হাতাহাতির অভিযোগ অস্বীকার করেছে বৈঠকের আয়োজকরা। তাঁদের বক্তব্য, এটি কেবল একটি বৈঠক ছিল। ভুল বোঝাবুঝি থেকে সামান্য বচসা হয়েছে মাত্র। বড় করে দেখানোর কিছু নেই।
দুর্গাপুরের রাজনৈতিক মহলের মতে, এই শিল্পাঞ্চল বরাবরই শাসক দলের শ্রমিক সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ ঘাঁটি। সেখানে এই ধরণের দ্বন্দ্ব প্রকাশ্যে আসা তৃণমূলের জন্য মোটেই শুভ লক্ষণ নয়। এতে, শ্রমিকদের মনে তৃণমূল প্রসঙ্গে নেতিবাচক ধারণার জন্ম নিচ্ছে।
