Subhanshu Shukla at Kolkata
Bengal Liberty Desk, ১০ ডিসেম্বর, কলকাতা:কলকাতায় এসেই সুখবর দিলেন শুভাংশু শুক্লা। AXIOM-4 মিশন সফলভাবে শেষ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে পৃথিবীতে ফেরার পর এটি তাঁর প্রথম কলকাতা সফর। ভারতের ভবিষ্যৎ মহাকাশ-পরিকল্পনার কথা স্পষ্ট করে দিলেন নভশ্চর গ্রুপ ক্যাপ্টেন। নিজস্ব মহাকাশকেন্দ্র স্থাপন তাঁর লক্ষ্য, বুধবার মিউজিয়াম অফ অ্যাস্ট্রনমি অ্যান্ড স্পেস সায়েন্সে অনুষ্ঠানে জানান তিনি। পাশাপশি এও জানান, মহাকাশকেন্দ্র স্থাপন এখন স্রেফ সময়ের অপেক্ষা। তাঁর কথায়, ‘আগামী ১০–১৫ বছরের মধ্যে এটা হবেই হবে। ২০৩০ বা ২০৪০—তা বড় কথা নয়। মহাকাশ জয় ২০৪৭-এর বিকশিত ভারতের অঙ্গ।’
পৃথিবীতে ফেরার পর শুভ্রাংশুর প্রথম কলকাতা সফর (Subhanshu Shukla at Kolkata)
প্রায় ৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পৌঁছে ইতিহাস রচনা করেছেন শুভ্রাংশু। তাঁর কথায়, মহাকাশে থাকলেও তিরঙ্গা সবসময় সাহস জুগিয়েছে। AXIOM-4 মিশনে তাঁর কর্মদক্ষতা এবং সাফল্যের জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। প্রায় ১৮ দিন মহাকাশে কাটিয়ে ২০২৫ সালের ১৫ জুলাই পৃথিবীতে ফিরে আসেন শুভ্রাংশু শুক্লা। পৃথিবীতে ফেরার পর এটি তাঁর প্রথম কলকাতা সফর।
উপর থেকে কেমন দেখাচ্ছিল ভারতকে? সহাস্যে শুক্লা অতি পরিচিত উত্তর দেন, —‘সারে জঁহা সে আচ্ছা!’ অতিপরিচিত রাকেশ শর্মার বহুপ্রচারিত উত্তরই বুঝিয়ে দেয় তাঁর অনুভূতিও রাকেশের চেয়ে আলাদা কিছু নয়।
কলকাতায় আসার পর থেকেই শুভাংশু একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলেই জানা গেছে। প্রথমে সেন্টার ফর স্পেস ফিজিক্সে স্কুল-কলেজের পড়ুয়াদের সঙ্গে সময় কাটানো। ছাত্রছাত্রীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব, তারপর তাঁর নামে তৈরি প্যাভিলিয়ন পরিদর্শন ও একটি মিউজিয়াম ভ্রমণ। পরবর্তীতে একটি বিশেষ আলোচনা সভা যার শিরোনাম ‘My Experience in Space: The Final Frontier’- এ যোগদান করবেন তিনি। সেখানে তাঁর মহাকাশযাপনের একাধিক অভিজ্ঞতা প্রসঙ্গে কথা বলবেন। বৈঠকে যোগ দেবেন প্রফেসর ড. সন্দীপ চক্রবর্তী, ডিরেক্টর, ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস রিসার্চ; ‘নাসা’-র বিজ্ঞানী ড. জয়দীপ মুখার্জি এবং অন্যান্য বিশেষজ্ঞ।
