Kunal Ghosh attacks Mithun & Dev
Bengal Liberty Desk, ২৪ ডিসেম্বর, কলকাতা: অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) রাজনৈতিক ভূমিকা ও শাসকদল বিরোধী মন্তব্য নিয়ে ফের তীব্র আক্রমণ শানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (kunal ghosh। অভিনেতা হিসেবে মিঠুনের কৃতিত্ব স্বীকার করলেও, তাঁর বর্তমান রাজনৈতিক অবস্থানকে ‘সুবিধাবাদী ও অসম্মানজনক’ বলে দাবি করেন কুণাল ঘোষ।

কুণালের বক্তব্য: (Kunal Ghosh attacks Mithun & Dev)
নিজের প্রথম ছবি ‘কর্পূর’-এর ডাবিং শেষে এক সাক্ষাৎকারে কুণাল স্পষ্ট জানান, মিঠুনের সঙ্গে ব্যক্তিগত সৌজন্য এখন আর সম্ভব নয়। কারণ হিসেবে তিনি বলেন, “যে ভাবে মিঠুনদা আমার দলনেত্রীকে অপমান করছেন, তা একজন দলীয় মুখপাত্র হিসেবে মেনে নেওয়া যায় না।”
ডাবিং স্টুডিয়োয় একই দিনে উপস্থিত ছিলেন মিঠুন ও কুণাল কিন্তু মুখোমুখি দেখা হয়নি দুজনের। কুণালের দাবি, মিঠুন নাকি লাউঞ্জে না এসে ডাবিং রুমেই দুপুরের খাবার সেরে নেন। বিষয়টি স্বীকার করে কুণাল বলেন, “ভোটের আগে বিরোধী নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভুল বার্তা দিতে পারে।” কুণালের স্পষ্ট অভিযোগ, “মিঠুন চক্রবর্তীর রাজনীতি পুরোপুরি সুবিধাবাদী। কখনও শাসকদলের পাশে, আবার কখনও কটূক্তির রাজনীতি।”
দেবের ছবিতে মিঠুনের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন কুণাল। তাঁর কটাক্ষ, “মিঠুন যদি এত বড় স্টার হন, তা হলে এখন অন্যের নামে কেন ছবি চলে? এর থেকে বরং পরান বন্দ্যোপাধ্যায় অনেক বেশি শক্তিশালী অভিনেতা।”
দেবকে নিশানা কুণালের
শুধু মিঠুন নন, শাসকদল বিরোধী অবস্থান নেওয়া অন্যান্য শিল্পীদের নিয়েও দেবের ‘উদারতা’ নীতিকে নিশানা করেন কুণাল। তাঁর বক্তব্য, “যাঁরা শাসকদলকে নিয়মিত আক্রমণ করেন, দেব তাঁদের মধ্যেই প্রতিভা খুঁজে পান। যেন বাংলায় আর কেউ নেই!” তবে দেবের সঙ্গে ব্যক্তিগত কোনও বিরোধ নেই বলেও স্পষ্ট করেছেন কুণাল। তাঁর দাবি, আপত্তি ব্যক্তিগত নয়, বরং রাজনৈতিক অবস্থান ও ভাষা নিয়েই।
রাজনীতি ও বিনোদনের এই সংঘাত নতুন নয়, তবে ভোটের মুখে মিঠুন চক্রবর্তীর অবস্থান নিয়ে এই মন্তব্য যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে, তা বলাই বাহুল্য।

