Tulu Mondal
Tulu Mondal

তিন দফায় পুলিশের জেরা, সিআইডির তলবে হাজিরা দিলেন না বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু!

বুধবার সকাল ১০টা নাগাদ সিউড়ি থানায় পৌঁছন টুলু মণ্ডল। এর আগে শনিবার ও মঙ্গলবার তাঁকে থানায় ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শনিবার প্রায় ছ’ঘণ্টা এবং মঙ্গলবার প্রায় ন’ঘণ্টা ধরে চলে জেরা। বুধবার তৃতীয় বার হাজিরা দিয়ে প্রায় আড়াই ঘণ্টা থানায় ছিলেন তিনি। দুপুর ১টা নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে থানা থেকে বেরিয়ে আসেন টুলু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আইনকে সম্মান করি বলেই প্রত্যেকটি তলবে হাজিরা দিচ্ছি। আবার ডাকলে আবার আসব।”

এর আগে পুলিশের জিজ্ঞাসাবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই পাথর ব্যবসায়ী। তাঁর দাবি, কেন তাঁকে হেনস্থা করা হচ্ছে, তা নিয়ে সিউড়ি থানার তদন্তকারী আধিকারিককে প্রশ্ন করেছিলেন তিনি। তাঁর আরও দাবি, তিনি বীরভূম জেলার সর্বোচ্চ করদাতা। কর ফাঁকি দিয়ে ব্যবসা করেন না। তা সত্ত্বেও কেন তাঁর ব্যবসায়িক নথিপত্র নিয়ে নেওয়া হয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি। টুলুর দাবি, গত কয়েক দিনে তাঁর প্রায় ২০০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে। এদিকে, পুরনো একটি মামলার সূত্রে বুধবার দুপুর দেড়টা নাগাদ মহম্মদবাজার থানাতেও তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। সেখানেও তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল।

বুধবার কলকাতার ভবানী ভবনে সিআইডির দফতরেও হাজিরা দেওয়ার কথা ছিল টুলু মণ্ডলের। কিন্তু সেখানে যাননি তিনি। তাঁর আইনজীবী সিকান্দর আনসারি জানান, পরবর্তী সময়ে যে কোনও দিন ডাকা হলে সিআইডির দফতরে হাজিরা দেবেন টুলু। সে কথা জানিয়ে তদন্তকারী সংস্থাকে ই-মেলও করা হয়েছে। সূত্রের খবর, ওই ই-মেলে বীরভূম থেকে কলকাতার দূরত্বের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, বুধবার ও বৃহস্পতিবার বীরভূমে অন্য মামলার সূত্রে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে বলেও জানানো হয়েছে। শারীরিক অসুস্থতার কথাও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, শুধু বীরভূম পুলিশের নয়, সিআইডির নজরেও রয়েছেন এই পাথর ব্যবসায়ী। বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নারায়ণপুর থানা এলাকায় পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনার তদন্তের সূত্রে তাঁকে তলব করা হয়েছিল। কয়েক দিন আগে ভবানী ভবনে হাজিরাও দিয়েছিলেন তিনি। বুধবার ফের তলব করা হলেও এ বার সিআইডির দফতরে হাজিরা দেননি টুলু।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।