First Bullet train
Bengal Liberty: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এল সেই দিনক্ষণ, যা বদলে দিতে চলেছে ভারতের রেলযাত্রার সংজ্ঞা। সময়কে জয় করার পথে আরও এক ধাপ এগোল দেশ। স্বাধীনতার ৮০ বছরে, আগামী ১৫ অগস্ট ২০২৭-এ জাতির উদ্দেশে উপহার হিসেবে যাত্রা শুরু করবে ভারতের প্রথম বুলেট ট্রেন (First Bullet Train)। বৃহস্পতিবার এই ঐতিহাসিক ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnaw)। মুম্বই–আমদাবাদ হাই-স্পিড রেল (High-Speed Rail) প্রকল্প ধাপে ধাপে চালু হবে, যার প্রথম পর্যায়ে পরিষেবা শুরু হবে সুরাত–বিলিমোরা (Surat–Bilimora) রুটে।
ধাপে ধাপে সম্পূর্ণ করিডর (First Bullet train)
রেলমন্ত্রী জানিয়েছেন, এক ধাক্কায় পুরো মুম্বই–আমদাবাদ (Mumbai–Ahmedabad) করিডর চালু করা হচ্ছে না। প্রথমে সুরাত–বিলিমোরা অংশে বুলেট ট্রেন চলবে। তার পর পর্যায়ক্রমে যুক্ত হবে ভাপী–সুরাত(Vapi–Surat), ভাপী–আমদাবাদ (Vapi–Ahmedabad), ঠাণে–আমদাবাদ (Thane–Ahmedabad) এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ মুম্বই–আমদাবাদ রুট (Mumbai–Ahmedabad)।
বড় অগ্রগতি (First Bullet train)
আগের পরিকল্পনায় যেখানে উদ্বোধনী যাত্রা সীমাবদ্ধ ছিল ৫০ কিলোমিটার সুরাত–বিলিমোরা অংশে, সেখানে এখন প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ সুরাত–ভাপী রুটে বুলেট ট্রেন দৌড়বে। রেলমন্ত্রীর মতে, প্রকল্পের অগ্রগতির নিরিখে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সময় কমবে, গতি বাড়বে (First Bullet train)
৫০৮ কিলোমিটার দীর্ঘ এই হাই-স্পিড রেল করিডরে ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৩২০ কিলোমিটার, যদিও নকশাগত ভাবে তা ৩৫০ কিলোমিটার গতির উপযোগী। পুরো করিডর চালু হলে মুম্বই থেকে আমদাবাদ পৌঁছতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা ১৭ মিনিট। যেখানে এখন সেই যাত্রায় প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগে, সেখানে এই পরিবর্তনকে পরিবহণ বিশেষজ্ঞরা যুগান্তকারী বলেই মনে করছেন।
শিনকানসেন প্রযুক্তিতে আধুনিক নির্মাণ (First Bullet train)
এই বুলেট ট্রেন করিডরটি তৈরি হচ্ছে জাপানের বিশ্বখ্যাত শিনকানসেন (Shinkansen) প্রযুক্তিতে। নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার জন্য পরিচিত এই প্রযুক্তি প্রথম বার ভারতের রেল পরিকাঠামোয় ব্যবহার করা হচ্ছে। প্রকল্পের অংশ হিসেবে ঠাণে ক্রিকের কাছে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ আন্ডারসি টানেল, এলিভেটেড ট্র্যাক এবং অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং কাঠামো তৈরি করা হচ্ছে।
নিরাপত্তা ও যাত্রীস্বাচ্ছন্দ্যে জোর (First Bullet train)
যাত্রীদের নিরাপত্তার জন্য থাকছে উন্নত ভূমিকম্প শনাক্তকরণ ব্যবস্থা, বিশেষ এরোডাইনামিক নকশা এবং টানেলের ভিতরে বায়ুচাপ নিয়ন্ত্রণ প্রযুক্তি। পাশাপাশি থাকছে আরামদায়ক আসন, আধুনিক শৌচালয়, হুইলচেয়ার-সহায়ক টয়লেট এবং জরুরি চিকিৎসা ব্যবস্থার মতো সুযোগ।
দীর্ঘ অপেক্ষার অবসান (First Bullet train)
২০১৭ সালে মুম্বই–আমদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের সূচনা হয়েছিল। প্রাথমিক লক্ষ্য ছিল ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করা। জমি অধিগ্রহণ ও বাস্তব সমস্যায় প্রকল্প পিছিয়ে গেলেও, দীর্ঘ প্রতীক্ষার পর নির্দিষ্ট উদ্বোধনী দিন ঘোষণায় নতুন করে আশাবাদী পরিবহণ বিশেষজ্ঞরা (First Bullet Train)।
