RG Kar Hospital Financial Scam
Bengal Liberty , kolkata : আরজি কর মেডিক্যাল কলেজ (RG Kar Hospital Financial Scam) ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় তদন্তের গতি আরও এক ধাপ এগোল। তদন্তভার হাতে নেওয়ার পর প্রথমবারের মতো কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ ইডি আদালতে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
চার্জশিট জমা ইডির (RG Kar Hospital Financial Scam)
ইডির দাখিল করা চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh)। পাশাপাশি অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সহযোগী বিপ্লব সিংহ এবং সুমন হাজরার। চার্জশিটে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সুমন হাজরার মালিকানাধীন সংস্থা ‘হাজরা মেডিকেল’-এর নাম। তদন্তকারী সংস্থার দাবি, এই সংস্থাকে কেন্দ্র করেই বিপুল অঙ্কের আর্থিক লেনদেন ও অর্থ নয়ছয়ের ঘটনা ঘটেছে।

একাধিক নিয়মবহির্ভূত কাজের হদিস (RG Kar Hospital Financial Scam)
ইডি সূত্রে জানা গিয়েছে, সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আরজি কর হাসপাতালে একাধিক টেন্ডার প্রক্রিয়ায় নিয়মবহির্ভূত কাজ হয়েছে। জরুরি চিকিৎসার সরঞ্জাম ও যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি হাসপাতাল চত্বরে বেআইনিভাবে পার্কিং লট চালিয়ে সেখান থেকে সংগৃহীত অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। তদন্তে আরও উঠে এসেছে, বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে নিয়ম ভেঙে একের পর এক কাজের বরাত দেওয়া হয়েছিল।

আরজি করের এই দুর্নীতির পাহাড় প্রথম প্রকাশ্যে এনেছিলেন হাসপাতালের তৎকালীন নন-মেডিকেল ডেপুটি সুপার আখতার আলি। যদিও পরবর্তীতে তিনিও একই ধরনের অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন। গত আগস্ট মাসে আরজি কর হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত শুরু হলে, সেই সূত্র ধরেই এই বৃহৎ আর্থিক দুর্নীতির জাল উন্মোচিত হয়।
