Bengal Liberty : জলাভূমি ভরাট করে জমি দখল, শহর কলকাতায় এই দৃশ্য নতুন নয়। সেখানেই তৈরি হয়েছে ধাবা ও বেকারি। ইএম বাইপাসের ধারে দখলদারি রুখতে তৎপর প্রশাসন। জলাশয় ভরাটের অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার সেখানে পৌঁছলেন রাজ্য সরকারের বিশেষ দুর্নীতি দমন কমিশনের সদস্যরা। সঙ্গে ছিল পুলিশের বড় বাহিনী। ধাবা তৈরির পাশাপাশি প্রভাব খাটিয়ে তার পরিসর বাড়ানো হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।
শুক্রবার প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্ত কমিশনের সদস্যরা প্রথমে বাইপাসের ধাবায় যান। সেখান থেকে বেরিয়ে তাঁরা সংশ্লিষ্ট বেকারি ইউনিটে যান। জমির বিভিন্ন অংশ পরিদর্শন, মাপজোখ এবং নির্মাণ-সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। জলাভূমি ভরাট করে ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি তৈরি করা হয়েছিল কি না, জমির বৈধতা ও নির্মাণের অনুমোদন ছিল কি না, সেই বিষয়গুলিই খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ, গত সাত-আট বছর ধরে এই জমি-সংক্রান্ত অনিয়ম নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা। অভিযোগের সঙ্গে জড়িয়েছে তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলরের নামও। তাঁর প্রভাব খাটিয়ে জমি দখল ও নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ।
আরও খবর
অভিযোগকারী মনোজকুমার বর্মণের দাবি, গত অগস্টেই তিনি বিষয়টি কমিশনের নজরে এনেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তকারীদের এই পরিদর্শন, বলে জানা গিয়েছে।এখন তদন্তকারীদের নজরে জমির নথি, সরকারি অনুমোদন এবং জলাভূমি-সংক্রান্ত বিধি মানা হয়েছিল কি না, সেই বিষয়গুলি। অভিযোগের সত্যতা যাচাই করে কমিশন পরবর্তী পদক্ষেপ করে কি না, এখন সেদিকেই নজর।


