Bengal Liberty : দুর্গাপুজোর আগে কলকাতা শহর ও জেলার পরিষেবা ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । রাস্তা মেরামত, বিশেষ সাফাই অভিযান, তর্পণের জন্য ঘাটে আলোর ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবা সচল রাখার ওপর জোর দিয়েছে রাজ্য সরকার। পুজোর আগে পুরকর্মীদের বকেয়া মেটানো এবং শহরের সৌন্দর্যায়ন নিয়েও একাধিক উদ্যোগের কথা জানালেন মুখ্যমন্ত্রী।
পুজোর আগে রাস্তা মেরামত ও সাফাই
বর্ষার কারণে যেসব রাস্তায় বড় মেরামত সম্ভব হচ্ছে না, সেখানে আপাতত প্যাচ রিপেয়ারিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে জেলাস্তরে একাধিক কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কার রাখা এবং নিয়মিত ডাস্টবিন সাফাইয়ের জন্য বিশেষ অভিযান চালানো হবে।
তর্পণের ঘাটে আলো, বাড়বে নজরদারি
তর্পণের ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে প্রশাসন । পুলিশের সঙ্গে সমন্বয় রেখে সহায়তা শিবির তৈরি করা হবে। দুর্ঘটনা এড়াতে রাখা হবে যান্ত্রিক নৌকাও। ঘাটগুলিতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও খবর
বকেয়া মেটানোয় জোর
পুজোর আগে পুরসভার কর্মীদের বকেয়া পাওনা এবং পেনশন মেটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পুরসভায় পরিষেবা দেওয়া সংস্থা ও সরবরাহকারীদের বকেয়া বিলের একাংশ মেটানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। পুজোর সময় স্থানীয় হাসপাতালগুলিতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা মোকাবিলায় পুলিশ ও দমকলকে সমন্বয় রেখে কাজ করতেও বলা হয়েছে। ডেঙ্গু নিয়ে আতঙ্ক না ছড়িয়ে যাচাই করা তথ্য পরিবেশনের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া পুজোর সময় অতিরিক্ত পরিবহণ পরিষেবা দেওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ও রেলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শনিবার নতুন পুলিশি যান ও বাইক চালুর কর্মসূচি এবং দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


