Bengal Liberty : দীর্ঘদিনের টানাপোড়েনের পর অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ২০ জন এনসিপিআই সাংসদ। সাংসদ পদ খারিজের আশঙ্কার মধ্যেই লোকসভার অধ্যক্ষের নির্ধারিত সময়সীমার শেষ দিনে লিখিত জবাব জমা দিলেন তাঁরা। সূত্রের খবর, মঙ্গলবার প্রত্যেকেই আলাদা করে লোকসভার স্পিকারের সচিবালয়ে লিখিত জবাব জমা দিয়েছেন। কেন তাঁদের সাংসদ পদ খারিজ করা হবে না, তার ব্যাখ্যাও দিয়েছেন তাঁরা। ফলে এবার গোটা বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার লোকসভার অধ্যক্ষের হাতে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাচ্যুতির পর দলের ২০ জন সাংসদ বিদ্রোহ ঘোষণা করেন। নিজেদের এনসিপিআই সাংসদ হিসেবে পরিচয় দিয়ে পৃথক রাজনৈতিক অবস্থান নেওয়ার কথা জানান তাঁরা। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক ঘিরেও রাজনৈতিক মহলে জল্পনা বাড়ে।
এর পরেই ওই সাংসদদের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইনে পদক্ষেপের দাবি জানিয়ে লোকসভার অধ্যক্ষের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, তৃণমূলের প্রতীকে এবং দলের প্রার্থী হিসেবে নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন তাঁরা। অথচ দল ক্ষমতাচ্যুত হতেই তৃণমূল ছেড়ে পৃথক রাজনৈতিক অবস্থান নিয়েছেন। তাই তাঁদের সাংসদ পদ খারিজ করা উচিত।
আরও খবর
এই অভিযোগের ভিত্তিতে বারবার ওই সাংসদদের কাছে জবাব তলব করেন লোকসভার অধ্যক্ষ। কিন্তু একাধিক বার অতিরিক্ত সময় চেয়েছিলেন ওই ২০ জন সাংসদ। শেষ পর্যন্ত গত সপ্তাহে ইমেল মারফত ২৪ নভেম্বরকে জবাব দেওয়ার চূড়ান্ত সময়সীমা হিসেবে জানিয়ে দেয় স্পিকারের সচিবালয়।
এদিন সেই সময়সীমা মেনেই লিখিত জবাব জমা দিয়েছেন সাংসদেরা। সাংসদ অরূপ চক্রবর্তী জানিয়েছেন, তাঁরা ভারতীয় সংবিধানের কোনও বিধান লঙ্ঘন করেননি। নির্বাচনে পরাজয়ের পর সংগঠনকে ধরে রাখতে এবং মানুষের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে পৃথক দলীয় কাঠামো তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। সেই সিদ্ধান্তের কথাও স্পিকারকে জানানো হয়েছিল।
অরূপের বক্তব্য, সংখ্যাগরিষ্ঠ অংশের সিদ্ধান্তই স্বীকৃতি পাবে বলে তাঁরা আশাবাদী। তবে সাংসদ পদ খারিজের আবেদন নিয়ে শেষ পর্যন্ত লোকসভার অধ্যক্ষ কী সিদ্ধান্ত নেন, সে দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।


