Bengal Liberty : রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন। দীর্ঘদিন পর গোপনে বাড়ি ফিরতেই তাঁকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়দের একাংশ। জনরোষের মুখে পালাতে গিয়ে রাস্তার পাশের পানাপুকুরে পড়ে যান তৃণমূল নেতা। অভিযোগ, এরপর পুকুরে নেমে তাঁর পায়ে দড়ি বেঁধে টেনে ডাঙায় তোলা হয়। তারপর লাইটপোস্টে বেঁধে চলে বেধড়ক মারধর। শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে পুলিশ। পরে একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই তৃণমূল নেতাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।
গোপনে বাড়ি ফিরতেই জনরোষের মুখে তৃণমূল নেতা
ধৃত তৃণমূল নেতার নাম সুমিত ঘোষ। তিনি কালনা ১ ব্লকের এক পঞ্চায়েতের সদস্য। তৃণমূলের শাসনকালে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিরোধীদের ভয় দেখানো, মারধর এবং লুটপাটের মতো অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছিলেন সুমিত। দীর্ঘদিন তাঁকে এলাকায় দেখা যায়নি। অভিযোগ, তাঁর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমেছিল। সোমবার গোপনে বাড়ি ফেরেন সুমিত। কিন্তু সেই খবর বেশিক্ষণ চাপা থাকেনি। তাঁর ফিরে আসার কথা জানতে পেরে স্থানীয়দের একাংশ চড়াও হন। পরিস্থিতি বেগতিক বুঝে পালানোর চেষ্টা করেন ওই তৃণমূল নেতা।
পুকুর থেকে টেনে তুলে লাইটপোস্টে বেঁধে মারধর
পালাতে গেলে পুকুরে পড়ে যান ওই তৃণমূল নেতা। তারপর স্থানীয়দের কাছে রেহাই চান সুমিত। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি বলে অভিযোগ। স্থানীয়দের একাংশ পুকুরে নেমে তাঁর পায়ে দড়ি বেঁধে টেনে ডাঙায় তোলেন। এরপর ফের শুরু হয় মারধর। রাস্তার ধারের একটি লাইটপোস্টে তাঁকে বেঁধে রেখেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রথমে সুমিতকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয়েছে।


