Bengal Liberty : রাজ্যের একাধিক থানায় দায়ের হওয়া মামলায় আপাতত স্বস্তি পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। একই সঙ্গে ‘সেবাশ্রয়’ প্রকল্পে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া মামলাতেও তাঁর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচ
কলকাতার ভবানীপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার কালীতলা ও বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। গত ২৫ আগস্ট এই তিন মামলায় তাঁকে রক্ষাকবচ দিয়েছিল হাই কোর্ট। সোমবার সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই মেয়াদ বাড়ানোর নির্দেশ দিল আদালত। এ দিন মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, তদন্ত এখনও শেষ হয়নি। প্রাথমিক তদন্তের রিপোর্টও আদালতে জমা দেয় রাজ্য। পাশাপাশি অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেন রাজ্যের আইনজীবী। তবে সব দিক বিবেচনা করে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচ বহাল রাখার নির্দেশ দেয় আদালত। তবে এই রক্ষাকবচের পাশাপাশি তদন্তে সহযোগিতার শর্তও বহাল রেখেছে আদালত। তদন্তকারী সংস্থা ডাকলে অভিষেককে হাজিরা দিতে হবে। সেক্ষেত্রে অন্তত ৪৮ ঘণ্টা আগে তাঁকে নোটিস দিতে হবে। অভিষেক তদন্তে সহযোগিতা না করলে রাজ্য আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে।
‘সেবাশ্রয়’ মামলাতেও স্বস্তি
অভিষেকের ‘সেবাশ্রয়’ প্রকল্পে অনিয়মের অভিযোগে ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর এবং রবীন্দ্রনগর থানায় তদন্ত চলছে। এই মামলাতেও তাঁর রক্ষাকবচের মেয়াদ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। ফলে আপাতত এই মামলাতেও তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
আরও খবর
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর অভিষেকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর দায়ের হয় বলে জানা গিয়েছে। পুলিশের দায়ের করা এফআইআরগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মামলাগুলির মধ্যেই কয়েকটিতে রক্ষাকবচ পেয়েছিলেন তিনি। এবার সেই সুরক্ষার মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই কোর্ট।


