Bengal Liberty : ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে বড় উদ্যোগ। এবার রেলপথে সরাসরি যুক্ত হতে চলেছে উত্তরপ্রদেশের অযোধ্যা এবং নেপালের জনকপুর। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ যৌথভাবে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন ‘সরযূ-কমলা এক্সপ্রেস’। এই আন্তর্জাতিক ট্রেন পরিষেবা চালু হলে দুই দেশের মধ্যে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি ধর্মীয় পর্যটন, যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামো উন্নয়নেও নতুন সম্ভাবনা তৈরি হবে। এদিন দুই রাষ্ট্রনেতার বৈঠকে জ্বালানি, জলবিদ্যুৎ, রেল যোগাযোগ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা।
প্রথম বিদেশ সফরেই বড় প্রাপ্তি বালেন্দ্র শাহের
২০২৬ সালের মার্চ মাসে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বালেন্দ্র শাহ। দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। দু’দিনের ভারত সফরে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সোমবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে নতুন ট্রেন পরিষেবার সূচনা করবেন তিনি। অন্যদিকে, অযোধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুই দেশের মধ্যে জ্বালানি, জলবিদ্যুৎ, রেল পরিষেবা, যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হবে।
রামায়ণ সার্কিটে নতুন সংযোগ
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অযোধ্যা ভগবান রামের জন্মস্থান। অন্যদিকে, নেপালের জনকপুর দেবী সীতার জন্মস্থান হিসেবে পরিচিত। রামায়ণের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত এই দুই তীর্থক্ষেত্রকে এবার সরাসরি রেলপথে যুক্ত করা হচ্ছে। ফলে পর্যটক ও তীর্থযাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। দুই দেশের ধর্মীয় পর্যটনেও নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ভারত-নেপালের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ় হবে। রামায়ণ সার্কিটের গুরুত্বও বাড়বে।
আরও খবর
৬০৪ কিলোমিটার পথ
রেল সূত্রে খবর, আগামী ২৮ নভেম্বর থেকে ট্রেনটির নিয়মিত পরিষেবা শুরু হবে। অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে জনকপুর ধাম পর্যন্ত মোট ৬০৪ কিলোমিটার পথ পাড়ি দেবে ট্রেনটি। যাত্রায় সময় লাগবে প্রায় ১৯ ঘণ্টা। সবচেয়ে বড় সুবিধা হল, যাত্রীদের মাঝপথে ট্রেন পরিবর্তন করতে হবে না। সপ্তাহে একদিন করে চলবে এই ট্রেন। প্রতি সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে অযোধ্যা থেকে ছাড়বে। মঙ্গলবার নেপালের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে পৌঁছবে জনকপুরে। ফেরার পথে প্রতি শনিবার দুপুর ১টা ১০ মিনিটে জনকপুর থেকে ছেড়ে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে অযোধ্যায় পৌঁছবে। ট্রেনটি মানকাপুর, বস্তি, গোরক্ষপুর, নরকটিয়াগঞ্জ, রক্সৌল, সীতামঢ়ী, শিশো, মধুবনী এবং জয়নগর হয়ে যাতায়াত করবে। আধুনিক ১৭টি এলএইচবি কোচ নিয়ে সাজানো হয়েছে ট্রেনটি। এর মধ্যে থাকছে ৮টি এসি কোচ, ৭টি স্লিপার কোচ, বিশেষভাবে সক্ষম যাত্রী ও লাগেজের জন্য একটি কোচ এবং একটি পাওয়ার কার।
উল্লেখ্য, রবিবার দুপুরে নয়াদিল্লিতে পৌঁছন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। সন্ধ্যায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পরে এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, নেপালের সঙ্গে বিশেষ বন্ধুত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বালেন্দ্র শাহের বৈঠক এবং অন্যান্য কর্মসূচির দিকেও তিনি তাকিয়ে রয়েছেন।


