Suvendu Adhikari
মোদির প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু

মোদির প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু, ‘বিকশিত ভারত’-এ বাংলার বড় ভূমিকার বার্তা মুখ্যমন্ত্রীর

শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ আইআইটি খড়গপুরে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে ‘ভয়েসেস ফর বিকশিত ভারত’ কর্মসূচিতে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। প্রযুক্তির ক্ষেত্রে দেশের ভবিষ্যৎ সম্ভাবনা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন। স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি প্রদর্শনীও ঘুরে দেখেন। এরপর নেতাজি অডিটোরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রায় দেড় ঘণ্টার এই কর্মসূচিতে আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে স্মারক মুদ্রার উদ্বোধন করেন তিনি।

পড়ুয়াদের উদ্দেশ্যে মোদির বার্তা, নিজেদের চিন্তাভাবনাকে কোনও নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখা চলবে না। বড় স্বপ্ন দেখতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। নিজের সামর্থ্যের সীমাবদ্ধতা ভেঙে এগিয়ে যেতে হবে। এই প্রসঙ্গেই ‘ব্রেক দ্য লিমিট’ মন্ত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দের বাণী স্মরণ করিয়ে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেন তিনি। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আইআইটি পড়ুয়াদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বানও জানান।

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে আইআইটি খড়গপুরের অতীত। ব্রিটিশ আমলে এখানে ডিটেনশন ক্যাম্প ছিল। পরবর্তীতে সেই জায়গাতেই গড়ে ওঠে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান। আইআইটি খড়গপুরের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘ সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শুভেন্দু জানান, এদিন আবহাওয়া খারাপ থাকায় প্রধানমন্ত্রীকে সড়কপথে আসতে হয়েছে। সামনে বিহার ও উত্তরপ্রদেশে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকা সত্ত্বেও তিনি খড়গপুরে সময় দিয়েছেন। ব্যস্ত সূচির মধ্যেও আধ ঘণ্টার বেশি সময় ধরে তাঁর ভাষণ ছিল অত্যন্ত অনুপ্রেরণামূলক।

পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের কথাও বিশেষভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আগামী প্রজন্মকে কীভাবে অনুপ্রাণিত করতে হয় এবং তাদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা তৈরি করতে হয়, তা এদিন সামনে থেকে দেখেছেন তিনি। শুভেন্দুর বক্তব্য, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী স্থির করেছেন, তা বাস্তবায়নে সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এই উন্নয়নের যাত্রায় পশ্চিমবঙ্গেরও বড় ভূমিকা থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। আরও বলেন, নতুন সরকারের দায়িত্ব, বিকশিত ভারতের পাশাপাশি বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার ক্ষেত্রেও রাজ্যকে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দেওয়া।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।