দেহ মিলল না, কুশপুতুলেই শেষকৃত্য! ধুলিয়ানের বিজেপি নেতার মর্মান্তিক পরিণতি
দেহ মিলল না, কুশপুতুলেই শেষকৃত্য! ধুলিয়ানের বিজেপি নেতার মর্মান্তিক পরিণতি

দেহ মিলল না, কুশপুতুলেই শেষকৃত্য! ধুলিয়ানের বিজেপি নেতার মর্মান্তিক পরিণতি

Bengal Liberty : মেলেনি বাবার দেহ। কুশপুতুলে মুখাগ্নি করেই শেষকৃত্যের দায়িত্ব পালন করল ছয় বছরের ছেলে। নৃশংসভাবে খুনের পর দেহ টুকরো টুকরো করে ফারাক্কা ফিডার ক্যানেলে ভাসিয়ে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদের ধুলিয়ানের বিজেপি নেতা সুজিত মণ্ডলের দেহ। উদ্ধার হয়েছিল শুধুমাত্র একটি দেহাংশ। ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত হলেও বাকি দেহাংশের কোনও সন্ধান মেলেনি। অবশেষে রবিবার কুশপুতুল তৈরি করেই সুজিতের শেষকৃত্য সম্পন্ন করলেন পরিবারের সদস্যরা। পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে ধুলিয়ান শ্মশানে সম্পন্ন হয় দাহকার্য।

গত ২৮ আগস্ট নিখোঁজ হয়ে যান ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজিত। দীর্ঘ খোঁজাখুঁজির পর ৩ সেপ্টেম্বর ফারাক্কার বল্লালপুর ঘাট সংলগ্ন ফিডার ক্যানেল থেকে উদ্ধার হয় তাঁর দেহের একটি অংশ। পরে ডিএনএ পরীক্ষায় পরিবারের এক সদস্যের নমুনার সঙ্গে মিল পাওয়া গেলে তাঁর পরিচয় নিশ্চিত হয়। তদন্তে উঠে আসে, সুজিতকে খুনের পর প্রমাণ লোপাট করতে দেহ টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ তল্লাশির পরেও বাকি দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার তদন্তে প্রথম থেকেই তৎপর হয় পুলিশ-প্রশাসন। সামশেরগঞ্জ থানার পুলিশ শামাউল হক, জানি শেখ ও তাজফিরা বিবি নামে তিনজনকে গ্রেফতার করে। পরে তদন্তভার নেয় সিআইডি। তদন্ত চলাকালীন ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত শামাউলের। বাকি অভিযুক্তদেরও কঠোর শাস্তির দাবি জানিয়েছে সুজিতের পরিবার।

রবিবার হিন্দু ধর্মীয় রীতি মেনে ধুলিয়ান শ্মশানে সুজিতের কুশপুতুলের শেষকৃত্য সম্পন্ন হয়। সুজিতের ভাই সুশীল মণ্ডল জানিয়েছেন, “রাজ্য সরকারের তরফে বউদিকে চাকরি এবং পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।”

এদিনের শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন বিজেপির মালদহ দক্ষিণ সাংগঠনিক জেলার সহ-সভাপতি মিলন মণ্ডল। তিনি বলেন, “যেহেতু অনেক তল্লাশি চালিয়েও কোনও দেহাংশ পাওয়া যায়নি, তাই আজ প্রতীকী কুশপুতুল তৈরি করেই সুজিতকে চিরবিদায় জানানো হল। পরিবারের পাশে দাঁড়াতে দলের তরফে সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হবে।”

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।