Bengal Liberty : দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হলেন মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের এক নেতা। ঘটনাটি হুগলির সিঙ্গুরের। ধৃতের নাম সুশান্ত বাগ। তিনি সিঙ্গুরের বলরামবাটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা সিঙ্গুর পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্য। কয়েক দিন আগে ফেসবুকে প্রধানমন্ত্রীকে ‘কুলাঙ্গার’ বলে কটাক্ষ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই পোস্ট ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হতেই সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। অভিযোগের ভিত্তিতে সুশান্তকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাঁকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে গোটা ঘটনাকে বিজেপির রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন ধৃত তৃণমূল নেতা।
কী লিখেছিলেন সমাজমাধ্যমে?
অভিযোগ, কয়েক দিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘কুলাঙ্গার প্রধানমন্ত্রী’ শিরোনামে একটি পোস্ট করেন সুশান্ত। সেখানে তিনি লেখেন, ‘যে সন্তান বাপের সম্পত্তি রক্ষা করতে পারে না তাকে বলা হয় কুলাঙ্গার সন্তান। আর যে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে না, দেশকে বিক্রয় করে তাকে বলা হয় কুলাঙ্গার প্রধানমন্ত্রী।’ এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন ওই তৃণমূল নেতা। এরপরেই সিঙ্গুর থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।
কঠোর শাস্তির দাবি বিজেপির
হরিপাল বিধানসভার বিজেপির মণ্ডল-১ সভাপতি দীপঙ্কর দাসের অভিযোগ, প্রধানমন্ত্রীকে অসম্মান করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই পোস্ট করা হয়েছে। তিনি বলেন, ‘কয়েক দিন আগেই ওই তৃণমূল নেতা দেশের প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বলে একটি কুরুচিকর পোস্ট করেছেন। তারপরেই আমরা থানায় লিখিত অভিযোগ দিই।’
আরও খবর
শুধু সমাজমাধ্যমের পোস্ট নয়, সুশান্তের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তুলেছেন দীপঙ্কর। তাঁর দাবি, বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি, এলাকায় তোলাবাজি এবং পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের সঙ্গে যুক্ত ছিলেন ওই নেতা। যদিও এই অভিযোগগুলির সমর্থনে কোনও প্রমাণ প্রকাশ্যে আসেনি। দীপঙ্করের বক্তব্য, রাজ্যে সরকার পরিবর্তনের পরেও প্রধানমন্ত্রীকে আক্রমণ করা বন্ধ করেননি সুশান্ত। তাঁর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি নেতা।
‘কোন দেশের প্রধানমন্ত্রী বলিনি’, পাল্টা সুশান্ত
অন্যদিকে, গ্রেফতার হওয়ার পর নিজের অবস্থানে অনড় সুশান্ত বাগ। তাঁর দাবি, ফেসবুক পোস্টে কোনও নির্দিষ্ট দেশের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেননি তিনি। সুশান্ত বলেন, ‘ফেসবুকে কোনও প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে আমি পোস্ট করিনি। সেটা বাইরের দেশের প্রধানমন্ত্রীও হতে পারে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আমি বলিনি।’
একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘বিজেপি চক্রান্ত করে জেল খাটাবার ব্যবস্থা করেছে। মিথ্যা মামলা দিয়েছে আমার বিরুদ্ধে। জয় বাংলা, আমরা দিদির দল করি।’
এই ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গুরের রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। একদিকে বিজেপি প্রধানমন্ত্রীর মর্যাদাহানির অভিযোগ তুলে কঠোর ব্যবস্থা চাইছে, অন্যদিকে মমতাপন্থী তৃণমূল নেতা গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন। তবে ঠিক কোন আইনি ধারায় মামলা দায়ের হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সমাজমাধ্যমে রাজনৈতিক মন্তব্যের সীমা এবং সেই মন্তব্যের জেরে গ্রেফতারির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগের সত্যতা ও মামলার আইনি ভিত্তি শেষ পর্যন্ত আদালতেই বিচার্য হবে।


