কাঁকিনাড়ায় দেব দীপাবলীতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী, জানালেন অর্জুন সিংহ
কাঁকিনাড়ায় দেব দীপাবলীতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী, জানালেন অর্জুন সিংহ

কাঁকিনাড়ায় দেব দীপাবলীতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী, জানালেন অর্জুন সিংহ

Bengal Liberty : বিরোধী দলনেতা থাকাকালীন দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে এবার কাঁকিনাড়ার গঙ্গার ঘাটে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী মঙ্গলবার, ২৪ নভেম্বর কাঁকিনাড়ার গঙ্গার ঘাটে আয়োজিত হতে চলেছে বিশেষ গঙ্গা আরতি ও দেব দীপাবলি অনুষ্ঠান। সেখানেই উপস্থিত থেকে গঙ্গা আরতিতে অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তাঁর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। রবিবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করে যাবতীয় আয়োজন খতিয়ে দেখেন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। সঙ্গে ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

রবিবার কাঁকিনাড়ার গঙ্গার ঘাট পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীর সফরের নেপথ্যে থাকা আবেগঘন ঘটনার কথা তুলে ধরেন অর্জুন সিং। তিনি জানান, রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন এই ঘাটে এসেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় এলাকার বহু মহিলা তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার কামনায় মা গঙ্গার কাছে প্রার্থনা করেছিলেন। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে তাঁকে ফের এই ঘাটে আসার অনুরোধও জানিয়েছিলেন তাঁরা। সেই আবেদন ও আবেগের কথা মাথায় রেখেই এবার কাঁকিনাড়ায় আসতে সম্মত হয়েছেন মুখ্যমন্ত্রী।

অর্জুন সিংয়ের কথায়, এলাকার মহিলাদের সেই প্রার্থনা এবং আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে এবারের আয়োজন। তাই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গঙ্গার ঘাটে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে যাতে কোনওরকম খামতি না থাকে, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানিয়েছেন, প্রায় ৪৫ মিনিট ধরে চলবে বিশেষ অনুষ্ঠান। সেখানে গঙ্গা আরতির পাশাপাশি থাকছে লেজার লাইট শো এবং আতশবাজির আয়োজন। গঙ্গা আরতিকে আকর্ষণীয় করে তুলতে বেনারস থেকে বিশেষ পুরোহিত আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মুম্বই থেকে শিল্পীদের আনারও পরিকল্পনা করা হয়েছে। গোটা অনুষ্ঠানকে ঘিরে গঙ্গার ঘাট সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী নিজেও গঙ্গা আরতিতে অংশ নেবেন বলে জানিয়েছেন অর্জুন।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম ফাঁক রাখতে চাইছে না পুলিশ প্রশাসন। রবিবার অর্জুন সিংয়ের সঙ্গে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। উপস্থিত ছিলেন ডি.সি. নর্থ জোন আসিম খান-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। ঘাটের বিভিন্ন অংশ ঘুরে দেখে নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিকাঠামোর বিষয়গুলি খতিয়ে দেখেন তাঁরা।

বিশেষ করে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা এবং দর্শনার্থীদের যাতায়াতের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অনুষ্ঠানস্থলে প্রবেশ ও বেরোনোর পথ, ভিড় নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির উপরেও নজর রাখছে প্রশাসন।

সব মিলিয়ে আগামী মঙ্গলবারের অনুষ্ঠানকে কেন্দ্র করে কাঁকিনাড়ায় এখন সাজ সাজ রব। একদিকে গঙ্গা আরতি ও দেব দীপাবলির বিশেষ আয়োজন, অন্যদিকে মুখ্যমন্ত্রীর সফর। ফলে অনুষ্ঠান ঘিরে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ বাড়ছে। বিরোধী দলনেতা থাকাকালীন এলাকার মহিলাদের করা অনুরোধ মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী কীভাবে পূরণ করেন, এখন সেদিকেই তাকিয়ে কাঁকিনাড়াবাসী।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।