Bengal Liberty : সরকারি চাকরির পরীক্ষায় বসতে আর পকেট থেকে খরচ করতে হবে না চাকরিপ্রার্থীদের। রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় স্বস্তির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার, নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন, আজকের পর থেকে রাজ্য সরকারের যত সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কোনও ক্ষেত্রেই আবেদনকারীদের পরীক্ষার ফি দিতে হবে না। আবেদনের যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার।
চাকরির আবেদনে ফি মকুব!
আবেদন ফি মকুবের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় আবেদন করতে মোটা টাকা দিতে হত চাকরিপ্রার্থীদের। সাধারণ শ্রেণির প্রার্থীদের কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফি দিতে হয়। অন্যদিকে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় আবেদন করতে দিতে হয় ৫০০ টাকা। এবার থেকে সেই খরচ আর প্রার্থীদের বহন করতে হবে না। মুখ্যমন্ত্রীর কথায়, “বেকার যুবক-যুবতীদের কাছ থেকে চাকরির পরীক্ষার জন্য টাকা নেওয়া অপরাধ। এটা সংকীর্ণতার পরিচয়।” তিনি আরও জানান, রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর সভার খরচ কমানো হয়েছে। এর ফলে সরকারি কোষাগারে বেশ কিছু টাকা উদ্বৃত্ত থাকবে। সেই অর্থ থেকেই চাকরির পরীক্ষার আবেদন ফি-র খরচ মেটানো হবে। অর্থাৎ, আগামী দিনে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আবেদনকারীদের আর কোনও পরীক্ষার ফি দিতে হবে না।
উল্লেখ্য, শুধু আবেদন ফি মকুব নয়, এদিন রাজ্যের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য-সহ একাধিক দফতরে মোট ১০ হাজার ১৪৭ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে কিছু নিয়োগ হবে চুক্তিভিত্তিক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের লক্ষ্য মোট ১ লক্ষ কর্মসংস্থান তৈরি করা। সেই লক্ষ্যে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। আগামী ডিসেম্বরেই ১ হাজার ৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি, ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার বিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, আগামী জানুয়ারির মধ্যে ধাপে ধাপে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।


