কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট সেলে ঘুষের অভিযোগ! হাতেনাতে ধৃত মধ্যস্থতাকারী, গ্রেফতার পুর আধিকারিকও
কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট সেলে ঘুষের অভিযোগ! হাতেনাতে ধৃত মধ্যস্থতাকারী, গ্রেফতার পুর আধিকারিকও

কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট সেলে ঘুষের অভিযোগ! হাতেনাতে ধৃত মধ্যস্থতাকারী, গ্রেফতার পুর আধিকারিকও

Bengal Liberty : কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট সেলে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি। সোমবার দুর্নীতি দমন শাখার (ACB) অভিযানে ৪ হাজার ৫০০ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন এক মধ্যস্থতাকারী। একই ঘটনায় কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট সেলের এক ইনস্পেক্টরকেও গ্রেফতার করা হয়েছে।

দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি ভবনের মিউটেশন বা নামজারির জন্য ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। দমদমের বীরপাড়ার এক বাসিন্দা এ বিষয়ে দুর্নীতি দমন শাখায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, ভবনটির মিউটেশন প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট সেলের এক ইনস্পেক্টর ৪ হাজার ৫০০ টাকা ঘুষ দাবি করেছিলেন। ওই টাকা সরাসরি না নিয়ে এক মধ্যস্থতাকারীর মাধ্যমে সংগ্রহের ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ।

অভিযোগের ভিত্তিতে সোমবার ফাঁদ পাতে রাজ্য দুর্নীতি দমন শাখা। পরিকল্পনামাফিক অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ টাকা ঘুষ নেওয়ার সময় মধ্যস্থতাকারীকে হাতেনাতে ধরে ফেলেন তদন্তকারীরা। একই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট সেলের সংশ্লিষ্ট ইনস্পেক্টরকেও আটক করা হয়। পরে দু’জনকেই গ্রেফতার করে দুর্নীতি দমন শাখা।

দুর্নীতি দমন শাখার তরফে জানানো হয়েছে, ঘটনায় ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলছে। ঘুষ চাওয়া ও টাকা লেনদেনের ঘটনায় অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।