Bengal Liberty : হিন্দি ছবির দাপটে কোণঠাসা বাংলা সিনেমা? সব্যসাচী চৌধুরী ও সাহেব চট্টোপাধ্যায় অভিনীত বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’র জন্য প্রেক্ষাগৃহে পর্যাপ্ত শো না পাওয়া নিয়ে সরব টলিউড। অভিযোগ, নতুন হিন্দি ছবি মুক্তির জন্য এই বাংলা ছবির শো কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রদর্শকেরা। প্রতিবাদে ছবিটি সমস্ত প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার থেকেই টলিউডে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এ বার হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুর ১টায় নবান্নে সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সের মালিক, প্রদর্শক, প্রযোজক এবং পরিচালকদের নিয়ে বৈঠকে বসছেন তিনি।
প্রেক্ষাগৃহ থেকে সরানো হচ্ছে ‘সাধক বামাক্ষ্যাপা’
সোমবার থেকেই আলোচনার কেন্দ্রে ‘সাধক বামাক্ষ্যাপা’। ছবিতে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী ও সাহেব চট্টোপাধ্যায়। আগামী সপ্তাহে একটি নতুন হিন্দি ছবি মুক্তি পাওয়ার কথা। অভিযোগ, সেই ছবিকে জায়গা করে দিতে বাংলা ছবিটির শো কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রদর্শকেরা। এই পরিস্থিতিতে আর প্রেক্ষাগৃহে ছবিটি চালাতে রাজি হয়নি প্রযোজনা সংস্থা। সমস্ত হল থেকে ছবিটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল-সহ টলিউডের একাধিক তারকা। তাঁদের বক্তব্য, বাংলা ছবির জন্য পর্যাপ্ত প্রেক্ষাগৃহ ও শো না পাওয়া চলচ্চিত্র জগতের দীর্ঘদিনের সমস্যা। এ বার ‘সাধক বামাক্ষ্যাপা’ বিতর্ক সেই সমস্যাকেই আরও এক বার প্রকাশ্যে এনে দিল।
নবান্নের বৈঠকে টলিউডের একঝাঁক তারকা
এই পরিস্থিতিতে বাংলা সিনেমার স্বার্থে আলোচনার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুর ১টায় নবান্নে এই বৈঠক হওয়ার কথা। উপস্থিত থাকবেন সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সের মালিক এবং প্রদর্শকেরা। পাশাপাশি, আমন্ত্রণ জানানো হয়েছে একাধিক প্রযোজক ও পরিচালককে। বৈঠকে থাকার কথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়ের। প্রযোজকদের মধ্যে থাকছেন মহেন্দ্র সোনি, সুরিন্দর সিংহ, ফিরদৌসল হাসান, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অতনু রায়চৌধুরী, রাজ চক্রবর্তী ও অঞ্জন বসু। পরিচালকদের মধ্যে থাকার কথা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শমীক রায়চৌধুরীর। পরিবেশক ও প্রেক্ষাগৃহের প্রতিনিধিদের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন প্রিয়া সিনেমার অরিজিৎ দত্ত, মেনোকা সিনেমার প্রণব রায়, অজন্তা সিনেমার রতন সাহা এবং নবীনা সিনেমার নবীন চৌখানি-সহ আরও অনেকে।


