Bengal Liberty : ঢাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী শেখ আসলামকে গ্রেফতার করা হয়েছে। যদিও সুইডেন আসলাম নামেই তিনি বেশি পরিচিতি। রবিবার (২২ নভেম্বর) গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর ইমিগ্রেশন কাউন্টারে গেলে তাঁকে গ্রেফতার করা হয়। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে তাঁকে হস্তান্তর করা হয়। সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, ‘মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সুইডেন আসলামকে আটক করে আমাদের হাতে তুলে দেয়। আমরা অনেক দিন ধরে তাঁকে খুঁজছিলাম। তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।’
উল্লেখ্য, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত এই গ্যাংস্টার দীর্ঘদিন কারাগারে ছিলেন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেফতার করা হয় তাঁকে। প্রায় ১৯ বছর কারাভোগ করেন আসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।


