Suvendu Adhikari
বেআইনি গো-হত্যায় কড়া পদক্ষেপের ঘোষণা শুভেন্দুর

গরু পালনে বছরে ১ লক্ষ টাকা পর্যন্ত দেবে রাজ্য! বেআইনি গো-হত্যায় কড়া পদক্ষেপের ঘোষণা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী জানান, বয়সজনিত কারণে অসুস্থ হয়ে পড়া কিংবা আর্থিক সমস্যার জন্য যেসব গরুর যথাযথ পরিচর্যা করা সম্ভব হচ্ছে না, সেগুলির লালন-পালন ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। ব্যক্তি, পরিবার কিংবা কোনও প্রতিষ্ঠান, যারা এই ধরনের গরুর দেখভালের দায়িত্ব নেবে, তারাও প্রকল্পের সুবিধা পাবে। তবে গরুর সংখ্যা এবং অন্যান্য শর্তের ভিত্তিতে আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করা হবে।

এই প্রকল্পের বিস্তারিত নিয়মাবলি জানিয়ে প্রাণিসম্পদ বিকাশ দফতরের তরফে শীঘ্রই আদর্শ কার্যপদ্ধতি বা এসওপি (SOP) প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, গোপালক এবং দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু গরু সংরক্ষণ নয়, সেগুলির নিয়মিত চিকিৎসা ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে রাজ্যে গোকুল মিশন চালুর প্রস্তাবেও মন্ত্রিসভা সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

গোমাংস ও কসাইখানা সংক্রান্ত বিতর্কেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আইন অনুযায়ী যেসব পশু জবাই করার অনুমতি রয়েছে, সেগুলির ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ মেনে কাজ করা যেতে পারে। কিন্তু গরু জবাইয়ের বিষয়টি সম্পূর্ণ আলাদা। বৈধ কসাইখানার কার্যকলাপের সঙ্গে বেআইনিভাবে গরু জবাইয়ের ঘটনাকে এক করে দেখা উচিত নয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্টে কোন কাজ আইনসম্মত এবং কোন কাজ বেআইনি, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট আইন এবং আদালতের নির্দেশ মেনেই প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করবে। বেআইনিভাবে গবাদি পশু জবাইয়ের ঘটনায় কোনওরকম শিথিলতা দেখানো হবে না বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বেআইনি গবাদি পশু জবাইয়ের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের একটি উদাহরণও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অরঙ্গপুরের একটি ঘটনায় চারটি গাড়ি থেকে মোট ৫৫৫ কেজি মাংস উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা এখনও জেলেই রয়েছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, রাজ্যে বেআইনিভাবে গরু জবাই কিংবা গবাদি পশুর উপর অত্যাচারের কোনও ঘটনা বরদাস্ত করা হবে না। আইন লঙ্ঘন করলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে একদিকে বয়স্ক ও অসুস্থ গরুর রক্ষণাবেক্ষণে আর্থিক সহায়তা, অন্যদিকে বেআইনি গবাদি পশু জবাইয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ-এই দুই বিষয়কে সামনে রেখেই রাজ্যের নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।