Bengal Liberty : হিন্দি ছবির জন্য বাংলা ছবির প্রেক্ষাগৃহ হারানোর বিতর্কে এবার সরাসরি হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যশরাজ ফিল্মসের নতুন ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তির আগে একাধিক হল-মাল্টিপ্লেক্সে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। অথচ মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই দর্শকদের ভালো সাড়া পাচ্ছে বাংলা ছবিটি। একাধিক হলে চলছে হাউসফুল শো। এই পরিস্থিতিতে বাংলা ছবির প্রদর্শন বন্ধ করা নিয়ে ক্ষোভ ছড়ায় টলিউডে। শেষ পর্যন্ত মঙ্গলবার নবান্নে হল-মাল্টিপ্লেক্স মালিকদের নিয়ে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেখানে কড়া বার্তা দেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, কোনওভাবেই ‘সাধক বামাক্ষ্যাপা’র শো বন্ধ করা যাবে না। প্রাইম টাইমেই দেখাতে হবে এই বাংলা ছবি।
হল মালিকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার দুপুর ১টায় নবান্নে এই বৈঠক হয়। উপস্থিত ছিলেন টলিউডের একাধিক বিশিষ্ট প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং সিনেমা পরিবেশক। বৈঠকে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সিনেমা পরিবেশক শতদীপ সাহা এবং হল মালিক অরিজিৎ দত্ত। অন্যদিকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।বৈঠকে হল মালিকদের উদ্দেশ্যে কড়া অবস্থান জানান মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট নির্দেশ, ‘সাধক বামাক্ষ্যাপা’র শো বন্ধ করা যাবে না। শুধু তাই নয়, প্রাইম টাইমেও বাংলা ছবিটি চালাতে হবে। অর্থাৎ, দর্শকদের কাছে পৌঁছনোর জন্য যে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই সময়েও ছবিটির প্রদর্শন নিশ্চিত করতে হবে।
বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত প্রাইম টাইমে চলবে বাংলা ছবি
বৈঠক শেষে স্বস্তির কথা জানান টলিউডের প্রতিনিধিরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আপাতত প্রদর্শন নিয়ে জটিলতা কাটল। বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত প্রাইম টাইমে চলবে ‘সাধক বামাক্ষ্যাপা’। বৈঠকে প্রেক্ষাগৃহের শো-স্লট এবং বাংলা সিনেমার প্রদর্শন নিয়েও আলোচনা হয়েছে। বৈঠক শেষে রুদ্রনীল ঘোষ বলেন, আপাতত ছবিটির ৫১টি শো রয়েছে। পরবর্তী সময়ে শোয়ের সংখ্যা আরও বাড়তে পারে।


