Sunidhi Chauhan Kolkata concert
Bengal liberty desk, ১৩ মার্চ, কলকাতা :
সুনিধি চৌহানের পাওয়ার-প্যাকড পারফরম্যান্স দেখার জন্য যারা শনিবারের অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য দুঃসংবাদ (Sunidhi Chauhan Kolkata concert)। আগামী ১৪ মার্চ কলকাতার অ্যাকোয়াটিকাতে যে মেগা কনসার্টটি হওয়ার কথা ছিল, তা গায়িকার গলার সমস্যার কারণে বাতিল করা হয়েছে। তবে মন খারাপের মাঝেই সুখবর হলো, অনুষ্ঠানটি একেবারে বাতিল হয়নি, বরং পিছিয়ে দেওয়া হয়েছে।

মঞ্চে অঝোরে কাঁদলেন গায়িকা Sunidhi Chauhan Kolkata concert
সম্প্রতি লখনউতে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে চরম অস্বস্তিতে পড়েন সুনিধি। গলার সংক্রমণের কারণে গান গাইতে গিয়ে তাঁর কণ্ঠস্বর বুজে আসছিল। সেই অবস্থাতেও দর্শকদের জন্য গান চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু যন্ত্রণায় ও যান্ত্রিক গোলযোগে মঞ্চেই অঝোরে কেঁদে ফেলেন। দর্শকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, “আমার গলার অবস্থা সাংঘাতিক খারাপ। ঈশ্বর, এমনটা আমার সঙ্গে আগে কখনও হয়নি।”

‘সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’
লখনউয়ের ঘটনার পর চিকিৎসকরা সুনিধিকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে গায়িকা লেখেন, “ঘন ঘন গলার সংক্রমণে ভুগছি। এই অবস্থায় ১৪ মার্চের অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হলো। আমি চাই সুস্থ হয়ে আপনাদের সামনে সেরা পারফরম্যান্সটা দিতে।”
টিকিট ও নতুন তারিখ:
সুনিধি জানিয়েছেন, কলকাতার এই অনুষ্ঠানটি এখন অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ। স্থান (অ্যাকোয়াটিকা) এবং সময় একই থাকছে।
টিকিট: যারা ১৪ মার্চের টিকিট কেটেছিলেন, তাঁরা সেই একই টিকিটে ২৫ মার্চের অনুষ্ঠান দেখতে পারবেন।
টাকা ফেরত: যারা ২৫ তারিখ অনুষ্ঠানে যেতে পারবেন না, তাঁদের জন্য টিকিটের টাকা ফেরত বা রিফান্ডের ব্যবস্থাও রাখা হয়েছে।
কলকাতায় সুনিধির জনপ্রিয়তা আকাশছোঁয়া। ‘বিড়ি জলাইলে’ থেকে শুরু করে ‘শিলা কি জওয়ানি’— সুনিধির গানে নাচার জন্য তৈরি ছিল শহর। আপাতত সেই উন্মাদনা আরও কয়েক দিনের জন্য তোলা থাকল। ২৫ মার্চ সন্ধে ৭টায় তিলোত্তমাকে এক স্মরণীয় সন্ধ্যা উপহার দেওয়ার কথা দিয়েছেন শিল্পী নিজেই।

