Garia beauty parlour murder
Bengal liberty desk,২৪ মার্চ :
লোকসভা নির্বাচনের মুখে খাস কলকাতায় ভরদুপুরে রক্তবন্যা (Garia beauty parlour murder)। দক্ষিণ কলকাতার গড়িয়ার তেঁতুলতলা এলাকায় একটি বিউটি পার্লারের ভিতরে ঢুকে মালকিনকে নৃসংসভাবে কুপিয়ে খুন করল এক যুবক। প্রেমিকার মৃত্যু নিশ্চিত করার পর ওই একই অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মঘাতী হল অভিযুক্ত। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় গড়িয়ার মহামায়াতলা ও তেঁতুলতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণ:
মৃত মহিলার নাম রূপবাণী দাস (৫০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৫ বছর ধরে তেঁতুলতলা এলাকায় ‘রূপবাণী ফ্যাশন অ্যান্ড কালার্স কাট’ নামে একটি বিউটি পার্লার চালাতেন তিনি। প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ রূপবাণী দেবীর স্বামী অনুপ কুমার দাস তাঁকে বাইকে করে পার্লারের সামনে নামিয়ে দিয়ে যান। এর ঠিক ৪০ মিনিট পর, ১২টা ৪৫ মিনিট নাগাদ পার্লার থেকে অনুপবাবুর কাছে ফোন যায় যে, ভিতরে প্রচণ্ড মারামারি ও গোলমাল চলছে।

রক্তাক্ত পার্লার ও জোড়া মৃত্যু:
খবর পেয়েই এক আত্মীয়কে সঙ্গে নিয়ে বাইক ছুটিয়ে পার্লারে পৌঁছান অনুপবাবু। সেখানে গিয়ে দেখেন, পার্লারের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুরে আচমকাই এক যুবক পার্লারের ভিতরে ঢুকে রূপবাণী দেবীর সঙ্গে তর্কে জড়ান। বচসা চলাকালীন ওই যুবক ধারালো অস্ত্র বের করে রূপবাণী দেবীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় তিনি মেঝেতে লুটিয়ে পড়লে, অভিযুক্ত যুবক নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মঘাতী হন। পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য:
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃত যুবক কাশ্মীরের বাসিন্দা। বিবাহিত হওয়া সত্ত্বেও রূপবাণী দাসের সঙ্গে ওই কাশ্মীরি যুবকের দীর্ঘদিনের একটি প্রেমের সম্পর্ক ছিল। পুলিশের অনুমান, সাম্প্রতিক সময়ে সেই সম্পর্কের টানাপোড়েন বা কোনও বিশেষ দাবি নিয়ে বিবাদের জেরেই এই চরম পথ বেছে নিয়েছে ঘাতক যুবক। যদিও ওই যুবকের সঠিক নাম ও পরিচয় জানার চেষ্টা করছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
এলাকায় আতঙ্ক:
ভোটের মুখে যখন শহরজুড়ে কড়া নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে, তখন জনবহুল গড়িয়ার মহামায়াতলায় দিনেদুপুরে এমন নৃশংস হত্যাকাণ্ডে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পার্লারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
