Weather Alert
Bengal Liberty, ৮ এপ্রিল :
আকাশ পরিষ্কার দেখালেও স্বস্তির কোনও কারণ নেই। আবহাওয়ার খামখেয়ালিপনায় (Weather Alert) ফের অনিশ্চয়তার মুখে ইডেনের আইপিএল ম্যাচ থেকে শুরু করে রাজ্যের নির্বাচনী প্রচার, সবই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজও রাজ্যের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও কালবৈশাখীর দাপট চলবে। ওড়িশা ও সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের এই পরিস্থিতি আরও কিছুদিন বজায় থাকতে পারে, ফলে স্বাভাবিক ছন্দে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হওয়ারই ইঙ্গিত মিলছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
চৈত্রের শেষ লগ্নে দক্ষিণবঙ্গের আবহাওয়া যেন রোজই নতুন রূপ দেখাচ্ছে। দুপুরের তীব্র গরমের পর বিকেল গড়াতেই আকাশ কালো, সঙ্গে গরম ভাপ উধাও হয়ে জায়গা নিচ্ছে ঠান্ডা স্বস্তির হাওয়া। সন্ধ্যার মুখে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির ঝাপটায় দিনের ক্লান্তি ধুয়ে যাচ্ছে এক নিমিষে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। পরিস্থিতি বিবেচনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বিশেষ করে হুগলি, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবারও আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না। অধিকাংশ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে, যদিও হাওয়ার গতি কিছুটা কমে ৩০-৪০ কিলোমিটার হতে পারে। তবে শুক্রবার থেকে ধীরে ধীরে এই দাপট কমবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আবহাওয়া কিছুটা স্থিতিশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও আবহাওয়ার খামখেয়ালিপনা জারি রয়েছে। বুধবার আটটি জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্য জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের আশঙ্কা রয়েছে ।বৃহস্পতিবারও আবহাওয়ার খুব একটা উন্নতি হবে না। দার্জিলিং-সহ পাঁচটি জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে, পাশাপাশি বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে।
শুক্রবার পরিস্থিতি কিছুটা বদলালেও পুরোপুরি স্বস্তি মিলবে না। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা বজায় থাকবে। অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে ধীরে ধীরে ঝড়বৃষ্টির দাপট কমতে শুরু করবে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের আবহাওয়া অনেকটাই শুষ্ক ও স্থিতিশীল হওয়ার ইঙ্গিত মিলছে।
