FIR against Arup Biswas
Bengal Liberty,৩১ মে ,বিধাননগর: গত ডিসেম্বর মাসে কলকাতায় লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে যুবভারতী স্টেডিয়ামে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তাতে এবার বড়সড় মোড়। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত এফআইআর (FIR) দায়ের করলেন অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত। টিকিটে কালোবাজারি থেকে শুরু করে তোলাবাজি— একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে।

কী কী অভিযোগ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে? (FIR against Arup Biswas)
এফআইআর কপি অনুযায়ী, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা করা হয়েছে। অভিযোগগুলি হলো, অভিযোগকারী শতদ্রু দত্তের দাবি, মেসি ইভেন্টের প্রায় ২২ হাজার টিকিট গায়ের জোরে লিখিয়ে নিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী এবং পরে সেই টিকিটগুলো কালোবাজারে বিক্রি করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজককে ভয় দেখানো এবং জোরপূর্বক সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে। শতদ্রু দত্তর অভিযোগ, অরূপ বিশ্বাস মেসিকে ‘পাড়ার পল্টু’ ভেবেছিলেন। নিয়ম ভেঙে মাঠে নেমে মেসির কাঁধে-পেটে হাত দিয়ে ছবি তোলা এবং নিরাপত্তায় গাফিলতি করার ফলে আন্তর্জাতিক স্তরে বাংলার ভাবমূর্তি নষ্ট হয়েছে।

এফআইআর এবং পুলিশের পদক্ষেপ (FIR against Arup Biswas)
শনিবার রাতে বিধাননগর দক্ষিণ থানায় এই এফআইআর নথিভুক্ত হয় (FIR No: 0138)। পুলিশ সূত্রে খবর, খুব শীঘ্রই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বিধাননগর কমিশনারেট তলব করতে পারে। উল্লেখ্য, এই ঘটনায় এর আগে আয়োজক শতদ্রু দত্তকে ৩৮ দিন জেল খাটতে হয়েছিল। রাজ্যে নতুন সরকার গঠনের পর তিনি ফের সরব হন এবং বিচার চান।

‘সত্যমেব জয়তে’— খুশিতে ব্যবসায়ীরা (FIR against Arup Biswas)
এফআইআর দায়ের হওয়ার পরেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন শতদ্রু দত্ত। সেখানে এফআইআর কপির ছবি দিয়ে তিনি লেখেন ‘সত্যমেব জয়তে’। এই লড়াইয়ে পাশে থাকার জন্য তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিপি-কেও ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক দায়িত্ব নেওয়ার পরেই মেসি কাণ্ডের ফাইল খোলার ইঙ্গিত দিয়েছিলেন। সেই আবহেই এই এফআইআর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

