Sumit Roy
Bengal Liberty, ১৫ জুন :
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের আইনি জটিলতা আরও বাড়ল (Sumit Roy)। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মেদিনীপুর আদালত। তলাবিজের মামালাতেই অবশেষে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরপরই গ্রেফতারী এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগাম জামিনের আবেদন জানানোর অনুমতি চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী। পাশাপাশি জরুরি ভিত্তিতে শুনানির আর্জিও জানানো হয়। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দিয়েছে (Sumit Roy)।

সুমিতের খোঁজে তল্লাশি কালীঘাটে (Sumit Roy)
জমি জালিয়াতি ও কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায়ের খোঁজে শনিবার কাকভোরে কালীঘাটে অভিযান চালায় শালবনী থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, সুমিতের মোবাইলের শেষ টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছিল অভিষেকের বাড়িতেই। সেই সূত্র ধরেই রাত প্রায় ৩টে নাগাদ পটুয়াপাড়ায় পৌঁছয় তদন্তকারী দল। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনও সাড়া না মেলায় বাড়ির বাইরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। গোটা বাড়ি তল্লাশি চালানো হলেও সুমিতের সন্ধান মেলেনি। সকাল ৮টার কিছু পরে পুলিশ সেখান থেকে বেরিয়ে যায়। তারপর থেকেই সুমিত রায়কে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।



