TMC Resign
Bengal Liberty:
পদত্যাগের ঝড় উঠেছে বহুদিন ধরেই তৃণমূলে। এবার ধস নামল বারাকপুর ২ নম্বর ব্লকের শিউলি গ্রাম পঞ্চায়েতে। পদত্যাগ করলেন পঞ্চায়েত প্রধান অরুণকুমার ঘোষ সহ তৃণমূলের আরও সাতজন সদস্য। বৃহস্পতিবার বিকেলে সরাসরি বারাকপুর ২ নম্বর ব্লকের বিডিও অফিসে গিয়ে নিজেদের ইস্তফাপত্র জমা দিয়েছেন অরুনকুমার সহ বাকি সাতজন। পাশাপাশি , একই দিনে ইমেল করে পদত্যাগপত্র পাঠিয়েছেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। তৃণমূলের ইস্তফার তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে।

বদলে গেল শিউলি পঞ্চায়েত TMC Resign
শিউলি গ্রাম পঞ্চায়েতের মোট ৩০টি আসনের মধ্যে বর্তমানে সদস্য সংখ্যা ২৯ জন। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের একারই সদস্য ছিল ২৪ জন। এছাড়া বিজেপির ৩ এবং বামফ্রন্টের ২ জন সদস্য রয়েছেন। আজ প্রধান সহ তৃণমূলের মোট ৮ জন সদস্য একযোগে পদত্যাগ করলেন। কার্যত তৃণমূলে একটা বড় ধ্বস নামল।
পদত্যাগ করার পর বিদায়ী প্রধান অরুণকুমার ঘোষ জানিয়েছেন, ” বিধানসভা নির্বাচনে এই এলাকার মানুষ আমাদের বিরুদ্ধে রায় দিয়েছেন। আমরা মানুষের রায়কে সম্মান জানাই। তাই সেই জনরায়কে মর্যাদা দিতেই কোন চাপ ছাড়া, স্বেচ্ছায় পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।” আগামী দিনে এই পঞ্চায়েত থেকে আরও তৃণমূল সদস্য পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন অরুণকুমার।

নৈহাটি পুরসভাতেও বড় ধাক্কা
শিউলি পঞ্চায়েতের পাশাপাশি বড় ধাক্কা নৈহাটি পুরসভাতেও। সূত্রের খবর, নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় ইতিমধ্যেই মেল মারফত পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। পূর্বেও ওই পুরসভার আরও দুই কাউন্সিলর পদত্যাগ করেছিলেন। আজ, আকস্মিক ভাবে ইস্তফা দিলেন পুরসভার চেয়ারম্যান।
কিছুদিন আগেই শিউলি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মোহনপুর পঞ্চায়েত এবং বারাকপুর পুরসভার বোর্ড ভেঙেছে। শুধু বারাকপুর শিল্পাঞ্চলই নয়, রাজ্যজুড়ে একাধিক পুরনিগম, পুরসভা ও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা ইস্তফা দিচ্ছেন বলে সূত্রের খবর।


