Arunachal Pradesh flood
Bengal Liberty: অরুণাচল প্রদেশের কেই প্যানিয়র জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে জনজীবন বিপর্যস্ত। টানা বৃষ্টিপাতের জেরে এই প্রাকৃতিক বিপর্যয়ে চারজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারকাজ ত্বরান্বিত করতে এখন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (SDRF) পাশাপাশি ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারও কাজে লাগানো হয়েছে।

বিপর্যয়ের পরিস্থিতি (Arunachal Pradesh flood)
বুধবার সকালে কেই প্যানিয়র জেলার নিপকো (NEEPCO) কলোনি এলাকায় আচমকা মেঘভাঙা বৃষ্টি ও বন্যায় বহু বাড়িঘর ভেসে গেছে এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।ভূমিধসের কারণে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিখোঁজদের তালিকায় রয়েছেন ইলেশ মারাক, ব্যালেরিয়া মারাক, তাও আঙ্গিনা এবং সৌরভ কুমার। বুধবার সন্ধ্যায় নির্মল গুপ্ত নামে একজনের দেহ উদ্ধার করা হয়েছে।

প্রশাসনের পদক্ষেপ ও সতর্কতা (Arunachal Pradesh flood)
অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং উদ্ধারকাজে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে, অরুণাচলের প্রবল বৃষ্টির প্রভাবে আসামেও বন্যার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন অরুণাচল, আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ব্রহ্মপুত্র ও তার শাখা নদীগুলির জলস্তর বাড়তে থাকায় আসামের ধেমাজি, লখিমপুর ও শোণিতপুরসহ বিভিন্ন জেলাকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন দুর্গত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে এবং নদীপথে ছোট নৌকায় যাতায়াত না করার পরামর্শ দিয়েছে। ত্রাণ ও উদ্ধারকাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার জন্য প্রশাসন সর্বক্ষণ পরিস্থিতির ওপর নজর রাখছে।


