Bengal Liberty: ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালন করতে সোমবার, ৬ জুলাই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিনের এই ঝটিকা সফরে ভবানীপুরের পৈতৃক বাড়ি থেকে নিউটাউনের ইকো পার্ক হয়ে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ—গোটা বিকেলজুড়ে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর।

সফরসূচির খুঁটিনাটি (Amit Shah’s Kolkata visit)
সোমবার দুপুরে দিল্লি থেকে বিশেষ বিমানে রওনা দিয়ে বিকেল ৩টে ৫০ মিনিট নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে সড়কপথে তিনি সোজা চলে যাবেন ভবানীপুরের ৭৭, আশুতোষ মুখার্জি লেনে, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে। বিকেল ৪টে ২০ মিনিট থেকে ৪টে ৩০ মিনিট পর্যন্ত সেখানে মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন তিনি।
এরপর শাহের পরবর্তী গন্তব্য নিউটাউনের ইকো পার্ক। বিকেল ৪টে ৫০ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত সেখানে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু প্রস্তাবিত মূর্তির নির্মাণকাজের ভূমিপূজা ও শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
আরও খবর

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৫টা ২৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ড. শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ‘ন্যাশনাল সেলিব্রেশন’ বা জাতীয় উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সন্ধ্যা ৭টায় ওই প্রাঙ্গণ থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন এবং রাতে দিল্লি ফিরে যাবেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কেন্দ্র করে এই সফর যেমন একদিকে জনসংযোগ বাড়ানোর কৌশল, তেমনই ড. মুখোপাধ্যায়ের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই সফরের মূল লক্ষ্য বলে মনে করছে রাজ্য বিজেপি নেতৃত্ব।


