Indas Police Station
Bengal Liberty: গভীর রাতে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল বাঁকুড়ার ইন্দাস এলাকার এক তৃণমূল কর্মীকে। ধৃতের নাম শেখ শামসুদ্দিন। বুধবার রাতে ঘটনার পরই নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি পদক্ষেপ নেয় পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

অভিযোগ কী? (Indas Police Station)
স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্দাস থানা এলাকায় বসবাসকারী ওই গৃহবধূকে শেখ শামসুদ্দিন দীর্ঘদিন ধরেই কূপ্রস্তাব দিয়ে উত্যক্ত করছিল। রাজি না হওয়ায় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। অভিযোগ, বুধবার গভীর রাতে গৃহবধূ শৌচালয়ে গেলে তাঁকে একা পেয়ে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে অভিযুক্ত। গৃহবধূর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। রাতেই নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কী বলছে অভিযুক্ত ও স্থানীয় প্রশাসন? (Indas Police Station)
গ্রেফতারের পর শেখ শামসুদ্দিন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, রাজনৈতিক আক্রোশের বশেই তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁর কথায়, “আমি সম্পূর্ণ নির্দোষ। তৃণমূল করার অপরাধেই আমাকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে।”
অন্যদিকে, নিগৃহীতা বধূর দাবি, দীর্ঘদিনের হয়রানির চূড়ান্ত পরিণতিই এই ঘটনা। তিনি অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। ইন্দাস থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

