Lahek Ali
Bengal Liberty: বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পরবর্তী অশান্তি এবং গণপিটুনির ঘটনায় সিপিএম নেতা লাহেক আলিকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত। গত রবিবার রাতে খোদারবাজারের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
আদালতে কী দাবি পুলিশের? (Lahek Ali)
বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের অভিযোগ, লাহেক আলির উস্কানিমূলক বক্তব্যের জেরেই এলাকায় গণপিটুনি, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা ঘটেছে। পুলিশের গাড়ি ভাঙচুর ও রেললাইন উপড়ে ফেলার ঘটনায় ইতিমধ্যে ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানানো হয়েছে। তদন্তকারীদের দাবি, সিসিটিভি ফুটেজ এবং ঘটনার বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই এই গ্রেফতারি চালানো হয়েছে।

লাহেক আলির প্রতিক্রিয়া (Lahek Ali)
আদালতে ঢোকার মুখে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন ধৃত এই বাম নেতা। তিনি বলেন, “সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে ফাঁসানো হচ্ছে। প্রতিবাদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে।” তাঁর আইনজীবীরও দাবি, এটি একটি রাজনৈতিক চক্রান্ত।

রাজনৈতিক বিতর্ক (Lahek Ali)
এই গ্রেফতারির তীব্র নিন্দা করেছে সিপিএম নেতৃত্ব। দলীয় নেতা শতরূপ ঘোষের অভিযোগ, রাজ্য সরকার রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার করছে। অন্যদিকে, বিজেপি এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার অপরাধেই এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

