হড়পা বানে মৃত্যু ১০
Bengal Liberty:
টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীরের একাধিক জেলা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পুঞ্চ ও রজৌরি জেলায় (Jammu and Kashmir)। হড়পা বান ও বন্যাজনিত ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের।
রবিবার সকালে রজৌরিতে আচমকাই হড়পা বান নামে। তার আগে সারারাত ভারী বৃষ্টির জেরে নদী-নালার জল দ্রুত বেড়ে যায়। একাধিক নদী বিপদসীমা অতিক্রম করে জনবসতিতে ঢুকে পড়ে। স্থানীয়দের দাবি, মুহূর্তের মধ্যে পরিস্থিতির অবনতি হয়। বহু পরিবার নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়। প্রবল স্রোতে এক মহিলা ভেসে যান। পরে তাঁর দেহ উদ্ধার করা হয়। এছাড়াও বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি গাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে।

বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দারখালি, খান্ডলি, সুখতো ও জমোলা এলাকার নদীগুলির জল বিপজ্জনক স্তরে পৌঁছেছে। বিশেষ করে দারখালি নদীর জল জনবসতিতে ঢুকে পড়েছে। অন্যদিকে পুঞ্চে মৃতের সংখ্যা ৯ বলে স্থানীয় সূত্রের দাবি। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রজৌরিতে ১০৩ মিমি, উধমপুরে ১০১ মিমি, কাটরায় ৮৫ মিমি এবং পুঞ্চে ৭৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ২৩ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণের কাজ চলছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং প্রয়োজন হলে অতিরিক্ত উদ্ধারকারী দল মোতায়েন করা হবে। একইসঙ্গে বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

