Rahul Gandhi
Bengal Liberty : নিট প্রশ্নফাঁস ইস্যুতে বুধবার লোকসভায় উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন (Rahul Gandhi)। বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটি মন্তব্য ঘিরে তীব্র আপত্তি তোলে বিজেপি। ‘অসংসদীয়’ শব্দ ব্যবহারের অভিযোগ তুলে সেই মন্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়। পরে রাহুলও জানান, তাঁর বক্তব্য সরকারের উদ্দেশ্যে ছিল না এবং বিতর্কিত শব্দটি রেকর্ড থেকে মুছে দেওয়া হোক। হট্টগোলের জেরে অধিবেশন দুপুর আড়াইটে পর্যন্ত মুলতুবি রাখা হয়। পরবর্তীতে আবারও শুরু হয় অধিবেশন (Rahul Gandhi)।

রেকর্ড থেকে বাদ দেওয়ার দাবি (Rahul Gandhi)
নিট প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে এদিন লোকসভায় সরব হন রাহুল গান্ধী। তিনি বলেন, আন্দোলনকারীরা দেশের গর্ব। তাঁরা ঘৃণার রাজনীতি করেন না। এরপর এক তরুণীর বক্তব্য উদ্ধৃত করতে গিয়ে তিনি একটি ‘অসংসদীয়’ শব্দ ব্যবহার করেন। সেই মন্তব্যের পরই বিজেপি সাংসদ কিরেন রিজিজু তীব্র আপত্তি জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ওই শব্দ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি তোলেন। পরে রাহুল স্পষ্ট করেন, তিনি ওই শব্দ সরকারের উদ্দেশে ব্যবহার করেননি। বিতর্ক এড়াতে শব্দটি রেকর্ড থেকে মুছে দেওয়ার আর্জিও জানান তিনি।
পরবর্তীতে তিনি আরও বলেন , “এটা রাগ, হিংসা বা ঘৃণার প্রকাশ ছিল না। এটা ছিল এই দেশের যুবসমাজ, আগামী প্রজন্মের গভীর অনুভূতির বহিঃপ্রকাশ। আমার মনে হয়, বিজেপিতে থাকা আমার বন্ধুদের-সহ সব রাজনৈতিক দলের এই আন্দোলনকে সম্মান করা উচিত। দেশের যুবসমাজ যা করেছে, তার জন্য প্রত্যেক ভারতীয়ের গর্বিত হওয়া উচিত।”

বিজেপিকে নিশানা, অমিত শাহকেও কটাক্ষ রাহুলের (Rahul Gandhi)
বক্তব্যের দ্বিতীয় পর্বে বিজেপিকে আরও তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী। তাঁর দাবি, আন্দোলনকারীরা ‘অন্ধ ভক্ত’ হতে রাজি নন বলেই সরকারের রোষের মুখে পড়েছেন। অভিভাবকদের ভয়-আশঙ্কা সত্ত্বেও পড়ুয়ারা বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কটাক্ষ করে রাহুল বলেন, “তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রীর সাহস হল না লোকসভায় এসে বসার।” তিনি আরও বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী আজ কোথায়? তিনি আজ এখানে নেই, কারণ তিনি ভয় পেয়েছেন। দেশের ছাত্রদের উপর গুলি চালানোর অনুমোদন দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছাত্রদের শরীরে পেলেট ঢুকিয়েছেন তিনি। ভারতের ছাত্রদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশও তিনিই দিয়েছিলেন।” এই মন্তব্য ঘিরেও সরকার ও বিরোধী পক্ষের মধ্যে বাগযুদ্ধ চরমে ওঠে।

আরও পড়ুন :
NEET paper leak : নিট প্রশ্ন ফাঁস মামলায় ১৩ জনের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট

