Bengal Liberty
মঙ্গলবার ভোরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC) বিল্ডিংয়ে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় (Kolkata Airport Fire)। ভোর ৪টা ৪৩ মিনিট নাগাদ পুরনো ATC বিল্ডিংয়ের তিনতলার খোলা বারান্দায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। আগুন দেখতে পেয়ে বিমানবন্দরের কর্মীরা দ্রুত দমকল বিভাগে খবর দেন। প্রথমে বিমানবন্দরে থাকা একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৬টা পর্যন্ত চলে কুলিংয়ের কাজ।

ভোরে ATC বিল্ডিংয়ে আগুন
বিমানবন্দর ও দমকল সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে ATC বিল্ডিংটি তেরঙ্গা টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল। প্রাথমিক তদন্তে অনুমান, সেই আলোকসজ্জার বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে। ATC বিল্ডিং থেকেই বিমান চলাচল নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ কাজ পরিচালিত হয়। ওই তলায় পাইলটদের সঙ্গে ATC অফিসারদের যোগাযোগের জন্য ব্যবহৃত কমিউনিকেশন সিস্টেমও রয়েছে। তবে বিমানবন্দর সূত্রে খবর, আগুনে গুরুত্বপূর্ণ কোনও যন্ত্রপাতির ক্ষতি হয়নি। আগুন মূলত খোলা এলাকাতেই সীমাবদ্ধ ছিল।
আরও খবর

কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং জানিয়েছেন, খোলা ছাদে এসির বাইরের অংশও রয়েছে। ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের জেরে বিমান ওঠানামায় কোনও প্রভাব পড়েনি। ফলে বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও, বিমান চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ ATC বিল্ডিংয়ে ভোরের এই অগ্নিকাণ্ড ঘিরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


